গজারিয়ায় যাত্রী পরিবহনে কঠোর অবস্থানে পুলিশ
দেশে করোনার সংক্রমণ বৃদ্ধির ফলে সোমবার সব ধরনের জনসমাগম সীমিত করাসহ ১৮ দফা নির্দেশনা জারি করে সরকার। সেখানে বলা হয়, গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং ধারণ ক্ষমতার ৫০ শতাংশের বেশি যাত্রী পরিবহন করা যাবে না।
যানবাহন চালকদের অধিকাংশের মধ্যে এই নির্দেশনা মানতে অনীহা দেখায় মুন্সিগঞ্জের গজারিয়ায় মাঠে নেমেছে পুলিশ। পুলিশ সদস্যরা দাঁড়িয়ে থেকে বাসে অর্ধেকের বেশি যাত্রী যেন না উঠতে পারে সে বিষয়টি নিশ্চিত করছেন।
সরেজমিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার সীমানাধীন ভবেরচর, বাউশিয়া পাখির মোড় ও জামালদী বাসস্ট্যান্ডে গেলে পুলিশের তৎপরতা চোখে পড়ে। দেখা যায়, হাইওয়ে পুলিশ সদস্যরা যানবাহনে অর্ধেকের বেশি যাত্রী উঠতে দিচ্ছেন না, পাশাপাশি মাস্ক ব্যবহার নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে থেকে মাস্ক বিতরণ করছেন।
এ সময় দাউদকান্দি থেকে ঢাকাগামী একটি বাসের চালক আলী আহমদ বলেন, পুলিশ অর্ধেক সিট ফাঁকা রেখে গাড়ি চালাতে বাধ্য করছে। সরকারি আদেশ তাই বাধ্য হয়ে তারা সে সিদ্ধান্ত মেনে নিচ্ছেন।
এদিকে যাত্রীদের মধ্যে কয়েকজনের সঙ্গে কথা হলে তারা জানান, করোনা নিয়ন্ত্রণে রাখতে পুলিশের ভূমিকা ইতিবাচক তবে যানবাহনে কেবল অর্ধেক যাত্রী নেয়ায় রাস্তাঘাটে প্রচুর পরিমাণ লোকজন গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে আছে।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সালাউদ্দিন জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে গণপরিবহনে অর্ধেক আসন খালি রাখার পাশাপাশি সবার মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে জনগণকে সচেতন করা হচ্ছে।