ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধরলা নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৭, ৮ এপ্রিল ২০২১
ধরলা নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
ধরলা নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ধরলা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ রাকীব হাসান নামের এক যুবকের মরদেহ ৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবরি দলের দীর্ঘ ৫ ঘণ্টার উদ্ধার অভিযানের পর বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

নিহত রাকীব হাসান লালমনিরহাট জেলা সদরের পূর্ব সাপটানা সুখানদিঘীর পাড় গ্রামের বুদু মিয়ার ছেলে। তিনি লালমনিরহাট শহরের স্বর্ণপট্টীর জননী জুয়েলার্সে কর্মরত ছিলেন।

Advertisement

রাকীব হাসানের চাচা রবিউল ইসলাম ডেইলি বাংলাদেশকে জানান, বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে রাকীব হাসানসহ তার ৯ বন্ধু ধরলা নদীর ফুলবাড়ী সেতুর নিচে গোসল করতে যায়। এ সময় তারা ধরলা নদীর চরে হা-ডু-ডু খেলে। দুপুর ১টার দিকে তার বন্ধুরা ধরলা নদীতে গোসল করতে নামে। রাকীব সাঁতার জানতেন না বলেই তিনি প্রথম দিকে ধরলা নদীতে নামতে চায়নি। অন্যান্য বন্ধুরা ধরলা নদীতে গোসল করতে নেমে আনন্দ-ফূর্তি শুরু করলে রাকীব হাসানেরও নদীতে নেমে গোসল করার ইচ্ছা জাগে। 

ধরলা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ রাকীব হাসানের বাবার আহাজারি

সেই ইচ্ছা থেকে তিনি সাহস করে ধরলা নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নামে। নদীর পানি কম থাকলেও স্রোতের কারণে রাকীব ডুবে যায়। তার বন্ধুরা গোসল শেষ করে রাকীবকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করে। পরে স্থানীয় সাইফুল ইসলামের নেতৃত্বে স্থানীয়রা নৌকা দিয়ে রাকীবকে উদ্ধারের চেষ্টা চালায়।

স্থানীয়রা ব্যর্থ হলে কুড়িগ্রাম এবং নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশনের ডুবরি দল দীর্ঘ অভিযান চালিয়ে এই সন্ধ্যায় নিখোঁজ রাকীবের মরদেহ উদ্ধার করে। এর নেতৃত্ব দেন কুড়িগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের এসও রফিকুল ইসলাম ও নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশনের এসও ইমন।

রাকীবের বাবা বুদু মিয়া বলেন, রাকীব হাসান আমার দুই ছেলের মধ্যে ছোট ছিল। ও আমারে আদরের সন্তান। ও খুবই ভালো ছিল। রাকীবকে ছাড়া কিভাবে বাঁচবো। আমি বাঁচতে পারবোনা। 

এ ব্যাপারে ফুুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!