ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পেটে গজ রেখে সেলাই দেয়া সেই শারমিন অবশেষে চলেই গেলেন

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৩, ১৪ এপ্রিল ২০২১
পেটে গজ রেখে সেলাই দেয়া সেই শারমিন অবশেষে চলেই গেলেন
মোসা. শারমিন আক্তার (ছবি: ডেইলি বাংলাদেশ)

কুমিল্লার দেবিদ্বারে অপারেশনের সময় পেটে গজ রাখার ৫ মাস পর দ্বিতীয় অপারেশনে গজ বের করা সেই প্রসূতি শারমিন আক্তারের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শারমিনের বাবা মো. মোবারক হোসেন।  

বুধবার ভোরে শারমিনের মরদেহ ঢাকা থেকে তার বাবার বাড়ি জেলার দেবিদ্বারের হোসেনপুর গ্রামে আনা হয়। সেখানে সকাল ১০টায় প্রথম জানাজা শেষে নেয়া হয় স্বামীর বাড়ি জেলার মুরাদনগর উপজেলার মোগসাইর গ্রামে। 

Advertisement

এদিকে, ভুল চিকিৎসার বিষয়ে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে এখনো কাজ শুরু করেনি জেলা স্বাস্থ্য বিভাগের তদন্ত কমিটি। যা নিয়ে গত এক সপ্তাহ ধরে সামাজিক যোগাযাগ মাধ্যমে নানা আলোচনা-সমালোচনা হচ্ছে। 

শারমিন আক্তারের পরিবারের অভিযোগ, দেবিদ্বার সদরের আল ইসলাম হাসপাতালে তার সিজার হয়েছিল ৫ মাস আগে। কিন্তু অপারেশনের সময় ডাক্তার ও তার সহযোগীরা পেটে গজ রেখেই সেলাই করে দেয়। কিন্তু তীব্র ব্যথা ওই প্রসূতির অবস্থা সংকটাপন্ন দেখে গত ৬ এপ্রিল রাতে অপর জেলার ময়নামতির অপর একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে পুনরায় অপারেশন করে পেট থেকে বের করা হয়েছিল গজ (মপ)। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় গত শনিবার (১০ এপ্রিল) ভোরে তাকে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালের আইসিইউতে নেয়া হয়।

শারমিনের স্বামী রাসেল মিয়া জানান, গত বছরের ৫ নভেম্বর দেবিদ্বার আল ইসলাম হসপিটালে তার সিজার অপারেশন করেন ওই হাসপাতালের খণ্ডকালীন গাইনি চিকিৎসক ডা. রোজিনা আক্তার। জন্ম হয় ছেলে সন্তান। গত ৯ নভেম্বর তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়। ডাক্তারের এ ভুলে আমার সাড়ে ৩ বছরের কন্যা মানহা এবং সাড়ে ৫ মাস বয়সী মুনতাছিরের মায়ের শূন্যতা কিভাবে পূরণ করবো? চিকিৎসকদের ভুলের খেসারত স্ত্রীর মৃত্যুর মধ্য দিয়েই দিতে হবে তা ভাবতে পারিনি। 

শারমিনের বড় ভাই রহুল আমিন জানান, ওই প্রাইভেট হাসপাতালে তার বোনকে ভর্তির পর চিকিৎসক রোজিনা আক্তার তাকে দেখে জরুরিভাবে সিজার করতে পরামর্শ দেন। ডাক্তারের কথা শুনে আমরা সিজারে রাজি হলে ৫ নভেম্বর ডা. রোজিনা আক্তার ও তার সহযোগী ডা. শামীমা আক্তার লিন্টাসহ অন্যান্য নার্স ও ওটি বয় মিলে তার বোনের সিজার সম্পন্ন করেন। সিজারের দুইদিন পর থেকে শারমিনের পেটে ব্যথা হতে থাকে, হাসপাতাল থেকে এ সময় কিছু ওষুধ দেয়া হয়। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর অপারেশনের ক্ষত থেকে পুঁজ বের হতে থাকে। পরে ব্যথা আরো বেড়ে গেলে তাকে কুমিল্লাসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা প্রচুর ওষুধ খেতে দেন। কিন্তু তার জীবন সংকটাপন্ন দেখে গত ৬ এপ্রিল জেলার ময়নামতি ক্যান্টমেন্ট জেনারেল হাসপাতালে তার অপারেশন করে পেট থেকে গজ বের করা হয়।

তিনি আরো জানান, দেবিদ্বারে আমার বোনের অপারেশনে নিয়োজিত চিকিৎসকের এমন ভুলের কারণে পেটে গজ নিয়ে গত ৫ মাস আমার বোন অসহনীয় যন্ত্রনা নিয়ে বেঁচে ছিল। দীর্ঘ এ সময়ে দেশের অনেক নামিদামি হসপিটালে ঘুরেছি, অর্থ ব্যয় করেছি। কিন্তু সব স্থানেই ভুল চিকিৎসা ও প্রতারিত হয়েছি। কার কাছে বিচার চাইবো? 

আল ইসলাম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ মোহাম্মদ হোসেন (এনাম) বলেন, ঘটনাটি যেভাবেই কিংবা যার ভুলেই হোক এ অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে আমরা অনুতপ্ত এবং পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এ ব্যাপারে গঠিত তদন্ত কমিটি বিষয়টির তদন্ত করছে।

মুঠোফোনে কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, ওই প্রসূতির মৃত্যুর খবর আমরা জানতে পেরেছি। এ ঘটনায় এরমধ্যে পৃথক তদন্ত কমিটি আগেই গঠন করা হয়েছে। তদন্তের প্রতিবেদন পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!