সাতক্ষীরায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা। এ ঘটনায় হাসপাতালে ভাঙচুর চালিয়েছেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত আম্বিয়া পারভীন রিনা তালা উপজেলায় হাজরাকাটি গ্রামের সাহাবুদ্দিন সরদারের স্ত্রী। দ্বিতীয় সন্তান প্রসবের জন্য বিকেলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সাহাবুদ্দিন সরদারের ছোট ভাই গিয়াসউদ্দীন সরদার জানান, ভাবি শারীরিকভাবে সুস্থ ছিলেন। মঙ্গলবার প্রসব ব্যথা উঠলে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসক অতনু কুমার ঘোষ ইনজেকশন দিয়ে সিজারিয়ান অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যান। এরপর ২-৩ ঘণ্টা কালক্ষেপণ করে ভাবিকে অপারেশন থিয়েটার থেকে বের করে খুলনা মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
.png)
প্রত্যক্ষদর্শীরা জানান, রোগীর মারা যাওয়ায় তালা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অতনু ঘোষ, আয়াসহ কয়েকজনের ওপর হামলা চালিয়ে মারধর করেন স্বজনরা। সেই সঙ্গে হাসপাতালে ভাঙচুর চালান।
এ ব্যাপারে জানতে চিকিৎসক অতনু কুমার ঘোষকে ফোন করা হলে নম্বর বন্ধ পাওয়া যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব সরদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, ঘটনাটি জানার পর হাসপাতালে গিয়ে উত্তেজিত স্বজনদের শান্ত করা হয়। তাৎক্ষণিক এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।