বুধবার রাতে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার একতা আবাসিক এলাকার একটি ভবন থেকে কথিত এক সাংবাদিকসহ অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার গ্রেফতারের বিষয়টি জানান নগর পুলিশের এডিসি (পশ্চিম) পলাশ কান্তি নাথ।
গ্রেফতাররা হলেন- মাসুদ রানা, লক্ষ্মী রানী দাশ ও নার্গিস আক্তার। এর মধ্যে মাসুদ নিজেকে একটি অনলাইন টেলিভিশনের সাংবাদিক পরিচয় দেন বলে জানিয়েছে পুলিশ।
.png)
পুলিশ জানায়, সাংবাদিক পরিচয়ে ভবনটির চতুর্থ তলার একটি বাসা ভাড়া নিয়েছিলেন মাসুদ। দুই নারী নার্গিস ও লক্ষ্মী তার অপরাধমূলক কর্মকাণ্ডের সহযোগী। মোবাইলে প্রেমের ফাঁদে ফেলে বুধবার রাতে দুই যুবককে ওই বাসায় ডেকে নেন নার্গিস। যাওয়ার পর তাদের বিবস্ত্র করে জোর করে নার্গিসের সঙ্গে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন মাসুদ এবং লক্ষ্মী। এরপর নিজেদের পুলিশ পরিচয় দিয়ে দাবি করেন এক লাখ টাকা। না দিলে দিতে থাকেন পুলিশের হাতে তুলে দেয়ার হুমকি।
একপর্যায়ে বাসাটি থেকে দৌড়ে বেরিয়ে যান দুই যুবক। ভবনের অন্যান্য বাসায় গিয়ে বাজাতে থাকেন কলিংবেল। এতে বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেয়া হয়। এরপর সেখান থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
এডিসি (পশ্চিম) পলাশ কান্তি নাথ বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি খেলনার পিস্তল, দুটি ছুরি ও ২৪টি ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মাসুদের কাছ থেকে দুটি পত্রিকার পরিচয়পত্র উদ্ধার করা হয়। একই প্রক্রিয়ায় আগেও এ ধরনের অপরাধ করেছেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তারা। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।