ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, প্রাণ গেল শ্রমিকের
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ব্রিজের রেলিং ভেঙে লবণবোঝাই একটি ট্রাক খাদে পড়ে গেছে। এ ঘটনায় আশুগঞ্জ-আখাউড়া চারলেন সড়কের কাজে নিয়োজিত এক শ্রমিক নিহত ও ট্রাকের চালক-হেলপার আহত হয়েছেন।
শুক্রবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুলাল মিয়া শেরপুরের শ্রীবরদী উপজেলার টাংগরপাড়ার সেরু মিয়ার ছেলে। আহতরা হলেন- সিলেটের জৈন্তাপুর এলাকার জয়নাল মিয়ার ছেলে ট্রাকচালক ইব্রাহিম মিয়া ও তার ভাই হেলপার মেহেদি হাসান। তাদের গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে সিলেটগামী বঙ্গ-প্রিমিয়াম আয়োডিনযুক্ত লবণ বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সোনারামপুর ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে যায়। এতে আশুগঞ্জ-আখাউড়া চারলেন সড়কের কাজে নিয়োজিত এক শ্রমিক ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ট্রাকটি সরিয়ে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়।
.png)
আশুগঞ্জ থানার ওসি জাবেদ মাহমুদ জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে। শ্রমিকের লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত দুইজনকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।