অনৈতিক কাজে লিপ্ত থাকায় ডাকাত পিতাকে হত্যা করলো ছেলেরা
অনৈতিক কাজে লিপ্ত থাকার ঘটনায় ডাকাত পিতাকে পিটিয়ে হত্যা করেছে ছেলেরা। এ ঘটনায় পুলিশ এক ছেলেকে গ্রেফতার করেছে।
তবে কুখ্যাত ডাকাত খুন হওয়ার ঘটনায় মিষ্টি বিতরণ করেছে এলাকাবাসী, স্বস্তি ফিরে এসেছে উপজেলায়। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের চরমাধাখালী গ্রামে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার উপজেলার বালিপাড়া ইউনিয়নের চর মাধাখালি গ্রামের কুখ্যাত ডাকাত খায়রুল অনৈতিক কাজে লিপ্ত থাকে। এ সময় তার ছেলে মিনহাজ ও আকরাম বিষয়টি টের পেলে শুরু হয় পিতাপুত্রের মাঝে বাকবিতণ্ডা। একপর্যায়ে পিতা খায়রুল ছেলেকে মারধর শুরু করলে ছেলেরা তাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার সন্ধ্যায় সেখানে খায়রুলের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে আকরামকে গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ।
.png)
ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, অনৈতিক কাজে লিপ্ত হওয়ায় ছেলেরা প্রতিবাদ করলে বাবা ছেলেদের মাঝে হাতাহাতি হয়। একপর্যায়ে ছেলেরা তাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করলে শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। খায়রুলের বিরুদ্ধে ত্রিশাল থানায় হত্যা, ধর্ষণ, লুটপাটসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এ ঘটনায় ছেলে আকরামকে গ্রেফতার করা হয়েছে।
খায়রুলের মৃত্যুতে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ত্রিশাল থানায় মামলার প্রস্তুতি চলছিল।