প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় অপহরণ, গ্রেফতার ১
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক স্কুল ছাত্রীকে অপহরণ করা হয়েছে। সে স্থানীয় কলাগাছিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তবে অপহরণের কয়েকঘণ্টার মধ্যে তাকে উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধারকৃত শিক্ষার্থী টোটারবাগ এলাকার আবু কালামের মেয়ে। এ ঘটনায় মামুন নামে এক যুবককে আটক করা হয়। পরে ছাত্রীর মায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বৃহম্পতিবার নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।
এরআগে বুধবার রাতে তাকে আটক করা হয়। আটককৃত যুবক খন্দকার কলাগাছিয়া এলাকার সফি মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হলে তাকে অপহরণ করে।
মামলার বিবরণ থেকে জানা যায়, মামুন ছাত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে আসছিল। প্রেমের এই প্রস্তাব প্রত্যাখান করায় সে ক্ষিপ্ত হয়। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে অপহরণের শিকার ওই ছাত্রী বিদ্যালয়ে তার প্রয়োজনীয় কাজে যাচ্ছিল। এ সময় কালু বন্ধু নামে স্থানীয় এক ব্যক্তির বাড়ির সামনের রাস্তা থেকে মামুনসহ আরো দুই থেকে তিনজন মিলে তাকে অপহরণ করে নিয়ে যায়।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।