ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে পাঁচ বছরের শিশুকে হত্যা
চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে বাসার খাটের নিচ থেকে পাঁচ বছর বয়সী এক মেয়ে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে বেপারিপাড়া এলাকার দিদারুল আলমের ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, তাকে ধর্ষণ করা হয় কিংবা ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। তবে কে বা কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা নিশ্চিত নয় শিশুটির পরিবার ও পুলিশ।
নিহত শিশুর নাম নুসরাত জাহান তরী। তার মা একই থানার বাহির সিগন্যাল এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। বাবা আরেকটি বিয়ে করে নোয়াখালীতে থাকেন।
.png)
চান্দগাঁও থানার ওসি (তদন্ত) রাজেশ বড়ুয়া বলেন, মায়ের সঙ্গে ভবনটির চার তলার একটি বাসায় থাকতো নুসরাত। প্রতিদিনের মত রোববার সকাল সাতটার দিকে পাশের বাসার এক নারীকে মেয়ের দেখভালের দায়িত্ব দিয়ে কারখানায় চলে যান তার মা। সকাল আটটার দিকেও ওই নারী রুমে গিয়ে নুসরাতকে ঘুমন্ত অবস্থায় দেখতে পান। পরে ৯টার দিকে আবার গেলে খাটে নুসরাতকে পাননি তিনি। এরপর পুরো ভবন ও আশপাশে খোঁজার পর একপর্যায়ে ১১টার দিকে রুমের খাটের নিচে তার লাশ পাওয়া যায়।
রাজেশ বড়ুয়া আরো বলেন, নুসরাতের মুখে গেঞ্জি ঢুকানো ছিল ও গোপনাঙ্গে রক্তের দাগ ছিল। তাই তাকে ধর্ষণ করা হয়েছে বা ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে শ্বাসরোধ করে হত্যার পর লাশ খাটের নিচে লুকিয়ে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।