ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

জমির লোভে বৃদ্ধ বাবাকে রড দিয়ে নৃশংসভাবে পিটিয়ে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৭, ১৫ জুলাই ২০২১
জমির লোভে বৃদ্ধ বাবাকে রড দিয়ে নৃশংসভাবে পিটিয়ে হত্যা
ফাইল ছবি

লক্ষ্মীপুরের রায়পুরে জমির লোভে বৃদ্ধ বাদশা মিয়া মোল্লাকে হত্যার অভিযোগে তার দুই ছেলে ও দুই পূত্রবধূসহ ৫ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (রায়পুর) আদালতে বৃদ্ধের অপর ছেলে মো. আলম এ অভিযোগ দায়ের করেন। 

বাদীর আইনজীবী আনোয়ার হোসেন মৃধা বলেন, বাদীর লিখিত অভিযোগটি আদালতের বিচারক তারেক আজিজ আমলে নিয়েছেন। এ ঘটনায় প্রাথমিক তথ্য বিবরণী (এফআইআর) নথিভুক্ত করার জন্য বিচারক রায়পুর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। 

অভিযুক্তরা হলেন, মো. হাছানুজ্জামান, তার স্ত্রী আয়েশা বেগম, মো. নুরুজ্জামান, তার স্ত্রী এলাপি খাতুন ও শাহ আলম। হাছানুজ্জামান ও নুরুজ্জামান মৃত বাদশা মিয়ার ছেলে। তারা রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের উত্তর রায়পুর গ্রামের বাসিন্দা। 

মামলার এজাহার সূত্র জানায়, বৃদ্ধ বাদশা মিয়াকে প্রতারণা করে স্ত্রীদের নামসহ হাছানুজ্জামান ও নুরুজ্জামান তাদের নামে ১০৭ শতাংশ জমি লিখে নেন। এরপর থেকে হাছানুজ্জামান তার ঘরের একটি কক্ষে বাবাকে আটকে রাখেন। অপর ছেলে আলম ও তিন মেয়ের সঙ্গে বাদশাকে যোগাযোগ করতে দিচ্ছিলেন না। পরবর্তীতে জমি লিখে নেয়ার বিষয়টি জানতে পেরে আলম ও তিন মেয়ে বিষয়টি বাবাকে জানায়। এতে বাদশা জমির দলিলটি বাতিল করার জন্য আদালতে মামলা করার সিদ্ধান্ত নেন। বিষয়টি জানতে পেরে গত ৬ জুলাই রাতে তাকে (বাদশা) অভিযুক্তরা লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন।

এতে হাছানুজ্জামানের ঘরেই তিনি মারা যান। খবর পেয়ে ছেলে আলম ও তিন মেয়ে ঘরে ঢুকে দেখেন মাথায় ও ডান হাত রক্তাক্ত অবস্থায় রয়েছে। এতে বাবার মরদেহ দাফনে তারা বাধা দেয়। পরে নির্ধারিত সময় ৭ জুলাই সাড়ে ১১টার আগেই তড়িঘড়ি করে জোরপূর্বক মরদেহ দাফন করে আসামিরা। এ নিয়ে বাড়াবাড়ি না করার জন্য অভিযুক্তদের বিরুদ্ধে বাদীসহ সাক্ষীদের হুমকি দিয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!