প্রতিপক্ষের অস্ত্রের কোপে কেটে গেলো ছাত্রলীগ নেতার কবজি
পটুয়াখালীর কলাপাড়ার মিঠাগঞ্জ ইউপি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুলকে অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাতের কবজি কেটে নিয়েছে প্রতিপক্ষরা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার রাত ৯টায় তেগাছিয়া বাজারের কাছে ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় ওই ইউপির ছাত্রলীগ সভাপতি তরিকুল ও তার ভাই রায়হান আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাকিবুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে প্রেরণ করেন।
গুরুতর আহত ছাত্রলীগ নেতা রাকিবুল জানান, রাত ৯টার দিকে তিনি তেগাছিয়া বাজার থেকে মোটরসাইকেলে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। এ সময় ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছলে সেখানে উপস্থিত ছাত্রলীগ সভাপতি তরিকুল ও তার ভাই রায়হানসহ বেশ কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। কুপিয়ে তার ডান হাতের কবজি কেটে ফেলে।
.png)
এছাড়া তার বাম হাত এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়। পরে রাকিবুলের সমর্থকরাও তরিকুল ও রায়হানের ওপর হামলা চালায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।