ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দলের প্রতি অসন্তুষ্টি, ফরিদপুর জেলা ছাত্রদল নেতার পদত্যাগ

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৯, ২৪ আগস্ট ২০২১
দলের প্রতি অসন্তুষ্টি, ফরিদপুর জেলা ছাত্রদল নেতার পদত্যাগ
জনি সাদ্দাম - সংগৃহীত

ফরিদপুর জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি থেকে পদত্যাগ করেছেন জনি সাদ্দাম নামে একজন যুগ্ম সাধারণ সম্পাদক। সোমবার রাতে তিনি এই পদত্যাগপত্র জেলা ছাত্রদলের দফতর সম্পাদকের নিকট প্রদান করেছেন।

জানা গেছে, পারিবারিক কারণে দায়িত্ব পালন করতে পারছেন না উল্লেখ করে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে জনির সমর্থকদের মতে, এত মামলা-নির্যাতন সহ্য করার পরও তাকে যথাযথ মূল্যায়ন না করায় অভিমান থেকেই তিনি পদত্যাগ করেছেন।

ছাত্রদলের সঙ্গে জড়িয়ে তিনি এ পর্যন্ত ছয়টি মামলার আসামি হয়েছেন। পুলিশ তাকে ৭ বার গ্রেফতারও করেছে। এত কিছুর পরও জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ দেওয়ায় অভিমান থেকেই তিনি পদত্যাগ করেছেন।

Advertisement

এ ব্যাপারে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস বলেন, জনি সাদ্দামের এই পদত্যাগপত্র গ্রহণ করার এখতিয়ার আমাদের নেই। কেননা কেন্দ্রীয় কমিটি যাচাই-বাছাই করে এই কমিটি গঠন করেছে। পদত্যাগ করতে হলে পদত্যাগপত্র কেন্দ্রীয় কমিটির নিকট জমা দিতে হবে।

এর আগে, গত ২১ আগস্ট ফরিদপুর জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। মোট ২৫১ জনের এই কমিটিতে সহ-সভাপতি পদে ৫২ জন, সহ-সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১১৬ জন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে ২৯ জন, সম্পাদক ও সহ-সম্পাদক পদে ৩৭ জন এবং ১৭ জনকে সাধারণ সদস্য করা হয়। কমিটিতে পদ-বঞ্চিত ও কাঙ্ক্ষিত পদ না পেয়ে অনেক নেতাকর্মীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

২০১৮ সালের ১৯ জুলাই সৈয়দ আদনান হোসেন অনুকে সভাপতি, তানজিমুল হাসান কায়েসকে সাধারণ সম্পাদক এবং মোজাম্মেল হোসেন মিঠুকে সাংগঠনিক সম্পাদক করে তিন সদস্যবিশিষ্ট একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়। এরপর জেলা কমিটিতে স্থান পেতে ছাত্রদলের নেতাকর্মীদের তৎপরতা চলছিল।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!