ড্রোন চালিয়ে বিশেষ অভিযান, অস্ত্রসহ রোহিঙ্গা ডাকাত আটক
কক্সবাজারের টেকনাফে উনচিপ্রাং ২২ নম্বর শরণার্থী ক্যাম্প এলাকায় ড্রোনের মাধ্যমে বিশেষ অভিযান চালিয়ে রোহিঙ্গা ডাকাত তাহেরকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
সোমবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উনচিপ্রাং ২২ নম্বর ক্যাম্পের পাহাড়ি এলাকায় এ বিশেষ অভিযান চালানো হয়। আটককৃত ডাকাত একই ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা মৃত জাফর আলমের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম।
.png)
তিনি জানান, টানা আড়াই ঘণ্টা উনচিপ্রাং ২২ নম্বর ক্যাম্পে অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজানের নেতৃত্বে এপিবিএনের কমান্ডো টিমসহ ড্রোনের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঐ সময় ড্রোন উড়িয়ে অপরাধীদের সম্ভাব্য সব আস্তানা শনাক্ত করার চেষ্টা করা হয়। বিভিন্ন ব্লকে পাহাড়ের ওপরে অবস্থিত সন্দেহজনক শেডগুলো তল্লাশি করা হয়। এপিবিএন এর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গা ডাকাত তাহেরকে আটক করা হয়। এ সময় দেশীয় তৈরি লোহার ৫টি রড, বিভিন্ন সাইজের ৮টি রামদা ও ৪টি কাঠের চোকা লাঠি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত দেশীয় অস্ত্র ও আটককৃত রোহিঙ্গা ডাকাতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।