সম্প্রতি ঐ উপজেলার ধামতী উত্তর পাড়া লাদেন মার্কেটে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার যুবকের নাম মো.জুয়েল শেখ। তিনি ধামতী গ্রামের বুলবুল শেখের ছেলে।
স্থানীয়রা জানায়, গত শুক্রবার রাতে মোখলেস নামে স্থানীয় একজনের প্রজেক্টে মোবাইল চুরি করতে গিয়ে হাতেনাতে আটক হয় ওই যুবক। পরে শনিবার সকালে ধামতীর লাদেন মার্কেটে একটি সালিশে তাকে গলায় ও পায়ে শিকলবন্দি করে হাজির করা হয়। বৈঠকে ঐ যুবকের কাছ গ্রামে ঘটে যাওয়া অন্যান্য চুরির স্বীকারোক্তি নেয়া হয়। সালিশের এক পর্যায়ে তার গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয়।
.png)
আরো জানা গেছে, শনিবারের সালিশে ওই যুবকের বাবা হাজির না হওয়ায় সোমবার সকালে পুনরায় দিন নির্ধারণ করা হয়। সোমবারও বুলবুল শেখ হাজির না হওয়ায় ওই রাতে আবার সালিশ বসে।
এদিকে সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেলের এএসপি মো. আমিরুল্লাহ তাৎক্ষনিক পুলিশ পাঠিয়ে যুবককে উদ্ধার ও স্বজনদের কাছে হস্তান্তর করেন।
নির্যাতনের শিকার জুয়েল শেখের চাচা মো. জাকির হোসেন জানান, চুরির দায়ে তার ভাতিজাকে একটি ঘরে টানা তিনদিন শিকল দিয়ে বেঁধে নির্যাতন করা হয়। পরে সালিশের নামে গ্রামবাসীর সামনে তার গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয়েছে।
ধামতী ইউনিয়নের মেম্বার মো. ইব্রাহীম খলিল বলেন, জুতার মালা যখন দেওয়া হয়েছে তখন আমি হাজির ছিলাম না। উত্তেজিত জনতা এ কাজ করে থাকতে পারে। ঐ যুবককে স্থানীয়রা হাতেনাতে আটক করে শিকলবন্দি করে রেখেছে।
ইউপি চেয়ারম্যান মো. মহিউদ্দিন মিঠু বলেন, গলায় জুতার মালা পরিয়ে ও শিকলবন্দি করে নির্যাতনের খবর কেউ আমাকে বলেনি। এভাবে নির্যাতন করা ঠিক হয়নি। আমি রোববার এলাকায় এসে এ বিষয়ে আলোচনা করব।
দেবিদ্বার থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, যুবককে আটক রেখে নির্যাতনের খবর আমরা সোমবার রাতে জানতে পেরেছি। অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।