ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভোক্তা কর্মকর্তা পরিচয়ে পুলিশ নিয়ে অভিযান, অবশেষে ধরা

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪২, ১২ ডিসেম্বর ২০২১
ভোক্তা কর্মকর্তা পরিচয়ে পুলিশ নিয়ে অভিযান, অবশেষে ধরা
আটক ভুয়া ভোক্তা কর্মকর্তা আবির হোসেন (ছবি: সংগৃহীত)

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তা পরিচয় দিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করতে গিয়ে পাবনার বেড়া পৌর এলাকায় তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে বেড়া বাজারের শাপলা-শালুক নামের একটি অভিজাত রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়।

বেড়া থানা পুলিশ ও ভুক্তভোগী দোকান মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার সকাল ১১টার দিকে আবির হোসেন নামের এক ব্যক্তি নিজেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক পরিচয় দিয়ে দুই সঙ্গীসহ বেড়া থানায় উপস্থিত হন।

Advertisement

তারা বেড়া থানার ওসি অরবিন্দ সরকারের কাছে দেখা করে বাজার মনিটরিং করার জন্য পুলিশ রিক্যুইজিশন চেয়ে লিখিত আবেদন করেন। এতে থানা থেকে চারজন পুলিশ দেওয়া হলে পুলিশ সঙ্গে নিয়ে বেড়া বাজারের বিভিন্ন দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণের নামে অভিযান চালাতে থাকেন।

এ সময় তারা গোধূলি সুইটস অ্যান্ড চায়নিজ রেস্টুরেন্ট থেকে ৩৫ হাজার টাকা ও শাপলা-শালুক রেস্টুরেন্ট থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ ছাড়া অন্যান্য দোকানেও জরিমানা আদায়ের চেষ্টা করতে থাকেন। কিন্তু তাদের এ কর্মকাণ্ড নিয়ে ব্যবসায়ীদের সন্দেহ হলে তারা বিষয়টি স্থানীয় সাংবাদিক ও বেড়া থানার ওসিকে জানান। খবর পেয়ে স্থানীয় সাংবাদিক ও বেড়া থানার ওসি তাদের শাপলা-শালুক রেস্টুরেন্টে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন। 

এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পাবনা কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ওই ব্যক্তিদের পরিচয় ভুয়া বলে নিশ্চিত হওয়া যায়। তখন ওই স্থান থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপপরিচালক ও ৩৮তম বিসিএসের কর্মকর্তা পরিচয় দেওয়া আবির হোসেন মিম, অফিস সহকারী বলে পরিচয় দেওয়া মেহেদী হাসান সেতু ও আজিজুল হক নামে তিনজনকে আটক করে পুলিশ।

বেড়া মডেল থানার ওসি অরবিন্দ সরকার বলেন, পুলিশ রিক্যুইজিশন চেয়ে আবেদন করায় আমি প্রথমে পুলিশ দিলেও বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিতে থাকি। পরে সন্দেহ হলে তাদের আটক করা হয়। এ বিষয়ে মামলা করে আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!