ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
চিংড়ির ঘেরে যুবকের লাশ, সারাদেহ ক্ষতবিক্ষত
সাতক্ষীরার আশাশুনিতে একটি চিংড়ির ঘের থেকে গোলাম রসুল সরদার ওরফে ডাবলু নামে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ও স্থানীয়দের ধারণা- তাকে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার ঐ উপজেলার শ্রীউলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গোলাম রসুল সরদার ওরফে ডাবলু ঐ গ্রামের কোহিনুর সরদারের ছেলে।
নিহতের ভাই বাবলু সরদার জানান, সাংসারিক বিরোধের কারণে ডাবলুর স্ত্রী তিন বছরের একমাত্র ছেলেকে রেখে মাসখানেক আগে বাবার বাড়ি চলে যান। পরে ডাবলুকে তালাক দেন তিনি। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল।
তিনি আরো জানান, বুধবার রাতে শ্রীউলা মাঝেরপাড়া জামে মসজিদের মাঠে মাহফিল শুনতে যান ডাবলু। রাতে আর বাড়ি ফেরেননি। সকালে একটি চিংড়ির ঘেরে ডাবলুর লাশ দেখতে পেয়ে পরিবার ও পুলিশে খবর দেয় স্থানীয়রা।
আশাশুনি থানার ওসি গোলাম কবীর জানান, ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের দুই চোখ, কপাল, গলা, বাম হাঁটুর নিচে ও অণ্ডকোষে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রহস্য উন্মোচনে তদন্ত শুরু হয়েছে।