ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শিবচরের নির্বাচন কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৯, ১৬ ডিসেম্বর ২০২১
শিবচরের নির্বাচন কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত
শিবচর উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন-অর-রশিদ

মাদারীপুরের শিবচরে চতুর্থ ও পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ ওঠায় উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন-অর-রশিদকে রিটার্নিং অফিসারের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান এবং নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-২ শাখার সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমান স্বাক্ষরিত পত্রে মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তাকে এ সিদ্ধান্ত জানানো
হয়েছে।

জানা গেছে, মাদারীপুরের শিবচরে চতুর্থ ও পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ ওঠায় গত ৯ ডিসেম্বর উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন-অর-রশিদকে রিটার্নিং অফিসারের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সুপারিশ করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

এরই পরিপ্রেক্ষিতে বুধবার শিবচর উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন-অর-রশিদকে রিটার্নিং অফিসারের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিরবাচন কমিশন সচিবালয়।

মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানিয়েছেন, শিবচর উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন-অর-রশিদের বিরুদ্ধে উমেদপুর ইউনিয়নের এক প্রার্থী লিখিত অভিযোগ করেছিলেন। এছাড়া অর্থ আদায় সংক্রান্ত সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। এ কারণে কমিশন তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

দ্রুত শিবচরে নতুন কাউকে রির্টানিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে শিবচরের ৩টি ইউনিয়নে এবং ৫ জানুয়ারি ২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!