ভাবির বাড়ি বেড়াতে এসে রেললাইনে পায়চারি, ট্রেনের ধাক্কায় মুহূর্তেই
নরসিংদীর পলাশের ঘোড়াশাল রেলস্টেশনে আন্তনগর এগারোসিন্ধুর গোধূলি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। শনিবার বিকেল ৫টার দিকে ঘোড়াশাল স্টেশনের তিন নাম্বার লাইন থেকে ঐ যুবকের লাশ উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম আল আমিন। আল আমিন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর গ্রামের দিলু মিয়ার ছেলে। মা ও স্ত্রীকে নিয়ে ভাবির বাড়ি ঘোড়াশালে বেড়াতে এসেছিল আল আমিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঐ যুবক অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার সময় ট্রেনটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
.png)
রেলওয়ে পুলিশ ও ঘোড়াশাল স্টেশন সংশ্লিষ্টরা জানান, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা আন্তনগর এগারোসিন্ধুর গোধূলি এক্সপ্রেস ট্রেনটি রাজধানী ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। বিকেল ৫টার দিকে ঘোড়াশাল রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় ট্রেনটি ঐ যুবককে ধাক্কা দেয়। এতে মাথা থেঁতলে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে প্রত্যক্ষদর্শী কয়েকজনের কাছ থেকে দুর্ঘটনার খবর পান ঘোড়াশাল রেলস্টেশনের মাস্টার গোলাম মোস্তফা। তার মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ইমায়েদুল জাহিদী জানান, আন্তনগর এগারোসিন্ধুর গোধূলি এক্সপ্রেসের ধাক্কায় ঐ যুবক নিহত হয়েছেন। তার পরিবারের সদস্যদের অনুরোধে এবং কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।