রাজশাহীর ১৫ ইউপিতে চলছে ভোটগ্রহণ
রাজশাহীর তিন উপজেলা চারঘাট, বাঘা ও দুর্গাপুরের চতুর্থ ধাপে ১৫ ইউনিয়ন পরিষদের নির্বাচন শুরু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে ইউনিয়নের কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরু হয়। দুপুর ১টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
চারঘাট উপজেলায় ছয় ইউপিতে ২৩ জন, বাঘা উপজেলায় ইউপিতে ৯ জন ও দুর্গাপুর উপজেলায় ছয় ইউপিতে ১৭ জন চেয়ারম্যান প্রার্থী লড়ছেন।
জানা গেছে, চারঘাট উপজেলার ছয় ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৩ জন প্রার্থী, ২২৩ জন সাধারণ সদস্য প্রার্থী ২২৩ জন ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ৭৭ জন। এ উপজেলায় মোট ভোটার ১ লাখ ৪০ হাজার ১১৭ জন।
বাঘা উপজেলার তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৯ জন, সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৮৭ জন ও সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ২৯ জন। ৯টি চেয়ারম্যান পদের মধ্যে আড়ানী ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন রফিকুল ইসলাম (নৌকা), নাসির উদ্দিন (আনারস), এনামুল হক (হাতুড়ি), মাহাতাব আলী (মোটরসাইকেল)। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা নয় হাজার ১৩০ জন।
.png)
বাউসা ইউনিয়নে শফিকুর রহমান শফিক (নৌকা), নুর মোহাম্মদ তুফান (মোটরসাইকেল), আনোয়ার হোসেন পলাশ (আনারস)। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৫৬৫ জন।
চকরাজাপুর ইউনিয়নে ডিএম বাবুল মনোয়ার দেওয়ান (নৌকা), আজিজুল আযম (আনারস)। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৫৩৩ জন।
এ বিষয়ে বাঘা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মুজিবুল আলম বলেন, এ নির্বাচনে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
এদিকে উদ্বেগ উৎকন্ঠার মধ্যে দিয়ে রাজশাহী দুর্গাপুর উপজেলায় চতুর্থ ধাপে ছয় ইউপিতে ভোটগ্রহণ চলছে। প্রচারণার শেষদিন গত শুক্রবার মধ্যরাতে বিভিন্ন এলাকায় নৌকার অফিসে অগ্নিসংযোগ, স্বতন্ত্র প্রার্থীর গাড়িতে হামলা, পোস্টার ছিড়ে ফেলার ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রের মহড়া দিতে গিয়ে তুহিন নামের এক বহিরাগতকে আটক করেছে পুলিশ। উপজেলায় এ নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচিত করার অপেক্ষায় রয়েছেন ছয় ইউনিয়নের ১ লাখ ২৮ হাজার ৪৮৫ জন ভোটার। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোট নেয়ার জন্য প্রস্তুতিতে কোনো কমতি রাখা হচ্ছে না বলে জানিয়েছে প্রশাসন।
দুর্গাপুর থানার ওসি হাশমত আলী বলেন, শুক্রবার রাত কিছু জায়গা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সব ঘটনায় এক বহিরাগতকে আটক করে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, চার ধাপে আমরা নিরাপত্তা জোরদার করেছি। এলাকায় টহল বাড়ানো হয়েছে। এলাকায় যেন কোনো সহিংসতা না ঘটে সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। নির্বাচনে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করা হয়েছে। প্রচারণার সময় দু-একটি বিচ্ছিন্ন ঘটনার খবর শুনেছি। এছাড়া তেমন কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।