ভোট শুরুর দুই ঘণ্টা আগে প্রাণ গেল ইউপি সদস্য প্রার্থীর
চট্টগ্রামের কর্ণফুলীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট শুরুর দুই ঘণ্টা আগে মো. মনির উদ্দিন তালুকদার নামে এক সদস্য প্রার্থীর মৃত্যু হয়েছে। রোববার ভোর ৬টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
এই সদস্য প্রার্থী মো. মনির উদ্দিন তালুকদার কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ছিলেন। কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মনির উদ্দিন ফুটবল মার্কা পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
রিটার্নিং কর্মকর্তা রকর চাকমা বলেন, মনির উদ্দিন ফুটবল মার্কার সদস্য প্রার্থী ছিলেন। ভোট শুরুর ২ ঘণ্টা আগে ভোরে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
.png)
আরো পড়ুন: ইঞ্জিন রুম থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত্র: তদন্ত কমিটির প্রধান
এর আগে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়ন পরিষদের নির্বাচনের আগের দিন এক সাধারণ সদস্য প্রার্থী মারা গেছেন। শনিবার ভোরে বাড়ি থেকে হাসপাতাল নেয়ার পথে সাইদুল ইসলামের মৃত্যু হয়। সাইদুল নরিনা গ্রামের আজিজুল হক সরদারের ছেলে এবং নরিনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মোরগ প্রতিকে সদস্য পদে প্রার্থী ছিলেন।
নরিনা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ফজলুল হক জানান, শনিবার ভোরে সাইদুল তার চাচা ছোরমান হোসেন সরদারের মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
শাহজাদপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, নরিনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী সাইদুল ইসলামের মৃত্যুর খবর তিনি শুনেছেন। ওই ওয়ার্ডে আরও চারজন সদস্য প্রার্থী রয়েছে। এতে নির্বাচনে আইনগত কোনো বাধা নেই।