ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ১ 

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৪, ২৮ ডিসেম্বর ২০২১
দুই পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ১ 
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের সরিষাবাড়ীতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আসাদুজ্জামান আসাদ নামে একজন নিহত হয়েছেন।

উপজেলার ডোয়াইল ইউপির প্রসাদপুর ও হাসরা মাজালিয়া গ্রামের মধ্যে মঙ্গলবার  দুপুরে এ ঘটনা ঘটে। নিহত আসাদ প্রসাদপুর গ্রামের মেছের আলীর ছেলে।

একই ঘটনায় উভয়পক্ষে অন্তত ১৫ জন আহত হয়। তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Advertisement

সংঘর্ষে হত্যাকাণ্ডের অভিযোগে ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন রিপন মিয়া, মজনু মিয়া, জালাল উদ্দিন, নজরুল ইসলাম ও আমীর হোসেন।

স্থানীয়রা জানান, ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ডোয়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ড সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রসাদপুর গ্রামের মো. রহমতুল্লাহ্ (ঘুড়ি) ও হাসড়া মাজালিয়া গ্রামের মন্টু মিয়ার (ফুটবল) মধ্যে বিরোধ সৃষ্টি হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে রহমতুল্লাহর সমর্থক সাদ্দাম হোসেন আগের ক্রয়কৃত মাটি কেটে ট্রাক্টরযোগে মন্টু মিয়ার সমর্থক আবুল হোসেনের জমির ওপর দিয়ে আনতে যান। এ সময় আবুল তাকে বাধা দিলে উভয়পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় দু'টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। 

সংঘর্ষে উভয়পক্ষে অন্তত ১৫ জন আহত হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত আসাদুজ্জামান আসাদকে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে এরই মধ্যে তিনি মারা যান। 

সরিষাবাড়ী থানার ওসি মীর রকিবুল হক জানান, ইউপি নির্বাচনের বিরোধের জের ধরে মাটি কাটা কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ঘ হয়েছে। এ সময় আসাদুজ্জামান আসাদ নামে একজন নিহত হন। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে লিখিত অভিযোগের আলোকে থানায় হত্যা মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!