লিফটের গর্তে ভেসে উঠল প্রথম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ
রংপুর নগরীর চকবাজার আশরতপুরে নির্মাণাধীন বাড়ির লিফটের জলাবদ্ধ গর্ত থেকে ৮ বছর বয়সী স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মাহাদিন সরকার তানাম নামের ঐ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
পীরগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানুর ছেলে তানাম। আশরতপুরের ক্রিয়েটিভ স্কুলের সে প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
.png)
তানামের বাবা জানান, নগরীর সর্দার পাড়া এলাকায় দীর্ঘদিন বসবাসের পর শুক্রবার সকালে পরিবারসহ আশরতপুরের নতুন এক ভাড়া বাসায় উঠেন। নতুন বাসায় উঠার পর বিকেল থেকেই তানামের খোঁজ পাওয়া যাচ্ছিল না।
পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর বাসার নির্মাণাধীন লিফটের হাউজে ভেসে থাকতে দেখা যায়। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। লিফটের জন্য তৈরি করা ঐ স্থানটি জলাবদ্ধ অবস্থায় ছিল।
তাজহাট মেট্রোপলিটন থানার ওসি আখতারুজ্জামান প্রধান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে খেলাধুলা করার সময় লিফটের পানি জমানো জায়গায় পড়ে যায়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।