আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২. ৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।
এদিকে ঘন কুয়াশার ফলে সকালেই হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাফেরা করতে দেখা গেছে। শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে অনেক স্থানে মানুষ আগুন জ্বালিয়ে উত্তাপ নিতেও দেখা গেছে।
.png)
বাসচালক ইদ্রিস মিয়া জানান, গত কয়েক দিনের তুলনায় শনিবার ভোর রাত থেকে কুয়াশার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। যার জন্য গাড়ি চালাতে সমস্যা হচ্ছে। গন্তব্যে পৌঁছাতে বেশ সময় লাগছে।
দিনমজুর আমজাদ হোসেন (৫৮) বলেন, বয়স অনেক বাবা। তবুও কাজ করেই খেতে হয়। ছেলেরা বউ নিয়ে আলাদা সংসার করে। সংসার চালানোর জন্য কষ্ট করে এই কুয়াশার মধ্যেই কাজে বের হয়েছি।
দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ, আর গতিবেগ ঘণ্টায় ৪ থেকে ৬ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘণ্টায় ৯ থেকে ১২ কিলোমিটার পর্যন্ত উন্নীত হওয়ার কথা জানিয়েছেন তিনি।