সোমবার সকাল ৮টা ৪৫ মিনিটে হাসপাতালে ওই শিশুটি জন্ম দেয় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার মাহাদানী গ্রামের আব্দুল লতিফের স্ত্রী জাহেদা বেগম (৩৬)। এটি তার চতুর্থ সন্তান।
জাহেদার ভাই এরশাদ আলী জানান, তার বোনের প্রসব ব্যথা উঠলে গত রোববার জাহেদাকে দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকাল ৮টা ৪৫ মিনিটে জাহেদা একটি মেয়ে জন্ম দেন। এরপর দুপুরে দেড়টার পর হাসপাতাল থেকে শিশুটি চুরি হয়।
.png)
জাহেদা জানান, সোমবার সকালে সে একটি কন্যাশিশু জন্ম দেয়। দুপুরের পর তার প্রস্রাবের চাপ হলে নবজাতকটিকে তার বোন হাজেরার কাছে রাখে। এ সময় অজ্ঞাত এক নারী হাজেরাকে বলে- অসুস্থ বোনকে প্রস্রাব করাতে নিয়ে যান। শিশুকন্যাকে আমাকে দেন। হাজেরা সরল বিশ্বাসে নবজাতক শিশুকন্যাকে ওই নারীর কাছে দিয়ে প্রসূতি বোনকে প্রস্রাব করাতে টয়লেটে নিয়ে যান।
টয়লেট থেকে ফিরে এসে দেখেন ওই অজ্ঞাত নারী নবজাতককে নিয়ে পালিয়ে গেছে। জাহেদার কান্নাকাটিতে নবজাতক চুরির ঘটনা ফাঁস হয়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও সন্তানটি না পাওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়।
দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. পারভেজ সোহেল রানা জানান, বিষয়টি জানার পর পুলিশকে জানানো হয়েছে। পুলিশের বিভিন্ন টিম শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। হাসপাতালের সিসি ফুটেজ থেকে শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, সোমবার সন্ধ্যায় শিশু চুরির বিষয়টি মৌখিকভাবে জানার পর শিশুটিকে উদ্ধারে তৎপরতা শুরু হয়েছে।