মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে আজকালের মধ্যে। সকালে কুয়াশা থাকায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। ঘন কুয়াশার ফলে দিনাজপুরে বেড়েছে সড়ক দুর্ঘটনা।
সোমবার সকালে ৬টার দিকে দিনাজপুরে দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। গত রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং গত শুক্রবার ছিল ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
.png)
আরো পড়ুন: মেহেদির রঙ না মুছতেই নির্মম নির্যাতনে লাশ হলেন শ্রাবণী
সূর্য উঠলে কুয়াশা কাটলেও রোদের উত্তাপ একেবারেই কম থাকে যা গায়ে একদম লাগে না। গরম কাপড় ছাড়া কেউ ঘর থেকে বের হতে পারছেন না। দুপুরেও শীতের কাপড় মুড়িয়ে চলাফেরা করতে হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে রোদের তীব্রতা বাড়লেও বিকেল গড়াতেই তাপমাত্রা কমার সঙ্গে হিমেল হাওয়ায় শীত বাড়তে থাকে। সন্ধ্যার পর থেকে ধীরে ধীরে কুয়াশা বাড়তে থাকে এবং ভোর থেকে তীব্র কুয়াশা দেখা যায়।
ঘন কুয়াশার ফলে রাস্তায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছে। ঘন কুয়াশায় দিনাজপুরে কয়েকদিনে সড়ক দুর্ঘটনার সংখ্যা বেড়েছে। গত ৪ দিনে ঘন কুয়াশার কারণে দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৮ জনের মতো। শীতের প্রকোপ বাড়ায় নিম্নআয়ের মানুষের কাজ কমে যাওয়ায় আয় কমে যাচ্ছে। নিম্নআয়ের মানুষের কষ্টও বাড়ছে। দিন দিন তাপমাত্রা কমতে থাকায় গরম পোশাকের দোকানে ভিড় বেড়েছে। গত বছরের চেয়ে বেড়েছে শীতের কাপড়ের দাম। শীতের কারণে শিশু ও বৃদ্ধ বয়সের মানুষের বিভিন্ন জ্বর-সর্দিসহ শারীরিক সমস্যা দেখা দিচ্ছে।
দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, দিনাজপুরে তাপমাত্রা কমতে শুরু করেছে। সেই সঙ্গে বাতাসের আদ্রতা বেড়েছে। এ মাসের শেষের দিকে দুটি শৈত্যপ্রবাহ হওয়ার আশঙ্কা রয়েছে।