ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দেশ ছাড়ছিল ধর্ষণ মামলার আসামি, বিমানবন্দরে ধরা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৯, ১৯ জানুয়ারি ২০২২
দেশ ছাড়ছিল ধর্ষণ মামলার আসামি, বিমানবন্দরে ধরা
অভিযুক্ত মো. রাব্বি

সিঙ্গাপুরে পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন।

এর আগে মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার করা হয়। পরে ওই আসামিকে শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে ইমিগ্রেশন পুলিশ। গ্রেফতার আসামির নাম মো. রাব্বি। ২৪ বছর বয়সী রাব্বী গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজ মাওনা গ্রামের শামছুল হকের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজ মাওনা গ্রামের বাসিন্দা ওই কিশোরী করোনাকালীন বিদ্যালয় বন্ধ থাকায় বাড়িতে থেকেই লেখাপড়া করতেন। ২০২০ সালের ২৬ নভেম্বর ভোরে কিশোরী মেয়ে ও ছোট ছেলেকে বাড়িতে রেখে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন স্বামীর কাছে যান ভুক্তভোগীর মা। ৩০ নভেম্বর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে গেলে আগে থেকে ওত পেতে থাকা প্রতিবেশী রাব্বি তার মুখ চেপে ধর্ষণ করেন।

Advertisement

এ সময় ঘটনাটি কাউকে বললে হত্যার হুমকি দিয়ে চলে যান রাব্বি। পরে বিষয়টি স্বজনদের জানান ভুক্তভোগী। কিন্তু স্থানীয় প্রভাবশালী কয়েক ব্যক্তি রাব্বির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে না দিয়ে মীমাংসার জন্য চাপ দেন। পরে বাধ্য হয়ে ২০২১ সালের ২৭ জানুয়ারি শ্রীপুর থানায় রাব্বির বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর মা।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, মামলার পর অভিযুক্ত রাব্বি গা ঢাকা দেন। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েও তাকে গ্রেফতার করা যায়নি। মামলা তদন্তকালে অভিযুক্ত রাব্বি বিদেশ চলে যাওয়ার পাঁয়তারা করছেন জানা গেলে তার পাসপোর্ট নম্বরসহ অন্যান্য তথ্য ইমিগ্রেশন পুলিশকে জানানো হয়।

তিনি আরো জানান, মঙ্গলবার সকাল ৭টা ৪৫মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুর যাওয়ার প্রস্তুতির সময় রাব্বিকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। পরে শ্রীপুর থানা পুলিশকে বিষয়টি জানালে মঙ্গলবার বিকেলে ইমিগ্রেশন পুলিশের কাছ থেকে রাব্বিকে বুঝে নেয়া হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, সিঙ্গাপুর যাওয়ার সময় ধর্ষণ মামলার আসামি রাব্বিকে ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করে। পরে তাদের কাছ থেকে থানায় আনা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!