সোমবার রাত ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্বপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ২৬ বছর বয়সী মুক্তা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খড়মপুর গ্রামের খোকন মিয়ার মেয়ে। তিনি সিদ্ধিরগঞ্জে ভাড়া বাসায় থেকে একটি পোশাক কারখানায় কাজ করতেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, রাত ১০টার দিকে উপজেলার মিজমিজি পূর্বপাড়া এলাকার তালাবদ্ধ একটি ঘরে ওই নারী শ্রমিকের লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
.png)
ওসি আরো জানান, পারিবারিক কলহের জের ধরে ওই নারীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন। তার সন্ধানে নেমেছে পুলিশ। এ ব্যাপারে তদন্ত চলছে।
এদিকে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকা থেকে মাসুম ওরফে ‘মাছি’ নামে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ও ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত মাসুম ওরফে ‘মাছি’ সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার জাহাঙ্গীর আলম ভূঁইয়ার ছেলে। সোমবার দুপুর আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১১ এর এএসপি রিজওয়ান সাঈদ জিকু জানান, ‘মাছি’ ছিনতাইকারী চক্রের একজন সদস্য। মামলা হওয়ার পর থেকে সে গা ঢাকা দিয়ে কৌশলে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল। গোয়েন্দা নজরদারি ও গোপন তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান শনাক্ত করে র্যাব-১১। সোমবার দুপুরে একটি বিশেষ অভিযান চালিয়ে চিটাগাং রোড এলাকা থেকে ‘মাছি’কে গ্রেফতার করা হয়।