গ্যারেজ রং করার সময় ধসে পড়ল ছাদ, শ্রমিক নিহত
রংপুরের গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাড়ির গ্যারেজের সংস্কার কাজ করার সময় ওপরের ছাদ ধসে দীপক রায় নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ইউএনও এরশাদ উদ্দিনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দীপক রায় ঐ উপজেলার বেতগাড়ীর শেরপুর পুটিমারী গ্রামের কালিপদ রায়ের ছেলে। তিনি গঙ্গাচড়া সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। এ দুর্ঘটনায় আহত খোকন রায় তার ছোট ভাই। পারিবারিক অচ্ছলতার কারণে লেখাপড়ার পাশাপাশি শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন দুই ভাই।
.png)
গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার জানান, সকালে রংমিস্ত্রি দীপক ও তার ভাই খোকন ইউএনও’র বাড়ির গ্যারেজ রং করছিলেন। ঐ সময় হঠাৎ উপরের ছাদ ধসে তাদের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই দীপক রায় নিহত হন। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি আরো জানান, ঐ দুর্ঘটনায় আহত খোকন রায়কে প্রথমে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।