ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সোনাগাজীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৬, ১ মার্চ ২০২২
সোনাগাজীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীর সোনাগাজী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার চর দরবেশ ইউপির চর সাহাভিকারী গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত সুমন চন্দ্র দাস ওই এলাকার মনোরঞ্জন দাসের ছেলে। সুমন উপজেলার দাসের হাট বাজারে স্টুডিওর ব্যবসার পাশাপাশি বাড়ির পাশে পুকুর খনন করে মাছ চাষ করতেন।

সুমন চন্দ্র দাসের বাবা মনোরঞ্জন দাস বলেন, সোমবার সন্ধ্যায় বিদ্যুৎ না থাকায় বাড়ির পাশের মাছের খামারে পানির মোটরে তার জোড়া লাগানোর কাজ করছিলেন সুমন। এ সময় বিদ্যুৎ এলেও তিনি বিষয়টি বুঝতে পারেননি। কাজ শেষে মোটরের সুইচ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন সুমন। 

Advertisement

সুমনকে উদ্ধার করে দ্রুত ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর লাশ বাড়িতে এনে রাতেই পারিবারিক শ্মশানে দাহ করা হয়।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাতেই পরিবারের লোকজন বিনা ময়নাতদন্তে লাশ দাহ করার জন্য থানায় আবেদন করেন। 

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!