বাসের ধাক্কায় প্রাণ গেল দুই তীর্থযাত্রীর
নড়াইলে বাসের ধাক্কায় দুই তীর্থযাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নড়াইল-লোহাগড়া সড়কের চৌগাছা-বুড়িখালী এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন যশোর জেলার অভয়নগর উপজেলার সমসপুর-পায়রা গ্রামের সুফল মন্ডলের স্ত্রী মমতা ও হরিচাদ বিশ্বাসের স্ত্রী মিনা রানী বিশ্বাস । এছাড়া গুরুতর আহত সিএনজিচালক আশারাফকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হেয়ছে।
জানা যায়, যশোরের অভয়নগর উপজেলার সমসপুর-পায়রা এলাকা থেকে ৩০-৩৫ জন তীর্থ যাত্রী নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর তারক গোসাইয়ের বাড়িতে একটি ধর্মীয় অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথিমধ্যে নড়াইল-লোহাগড়া সড়কের বুড়িখালী-চৌগাছা এলাকায় পৌঁছালে নড়াইলগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচকে পড়ে।
.png)
এ সময় স্থানীয় লোকজন ও তাদের সঙ্গে থাকা অন্যান্য সিএনজির তীর্থ যাত্রীরা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে নেয়ার পর মিনা রানীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত মমতাকে ভর্তির কিছুক্ষণ পর মারা যান। এছাড়া গুরুতর আহত সমসপুর-পায়রা এলাকার অজিত মন্ডলের স্ত্রী নিন্দ্রা, তারক মন্ডলের স্ত্রী দিপা, বিকাশ মন্ডলের স্ত্রী অলোকা, শিবুপদ মন্ডলের স্ত্রী টুকু রানী ও দশরথ রায়ের স্ত্রী ঝর্না রায় ও সিএনজি চালক আশরাফকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাফিজুর রহমান মুক্ত বলেন, তাদের মধ্যে একজন ঘটনাস্থলে মারা যান অপর একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া গুরুতর একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যান্যদের চিকিৎসা সদর হাসপাতালে চলছে।
অপর অটোরিকশার তীর্থযাত্রী আনন্দ মোহন রায় বলেন, মঙ্গলবার দুপুরের দিকে আমরা ৫টি সিএনজিচালিত অটোরিকশাযোগে অভয়নগর উপজেলার সমসপুর ও আশপাশের গ্রাম থেকে লোহাগড়ার জয়পুরের তারকগোসাইয়ের বাড়িতে যাচ্ছিলাম। পথিমধ্যে চৌগাছা-বুড়িখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নড়াইল অভিমুখী খানজাহান আলী পরিবহন ও সামনে থাকা অটোরিকশার সংঘর্ষ হয়। এতে সিএনজির ড্রাইভারসহ ৮ জন গুরুতর আহত হন।
নড়াইল সদর থানার ওসি (তদন্ত) মো. মাহমুদুর রহমান বলেন, বাস-অটোরিকশার সংঘর্ষে সিএনজির দু’নারী যাত্রী নিহত হওয়ার খবর শোনার পর পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। বাসটিকে আটক করা হয়েছে।