পরিবেশ রক্ষার স্বার্থে ওই স্থানে মুরগির ফার্ম নির্মাণ না করতে শুরু থেকেই বিরোধিতা করে আসছেন এলাকার বাসিন্দারা। কিন্তু এলাকাবাসীর বিরোধিতা স্বত্ত্বেও ওই ব্যক্তি মুরগির ফার্ম নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।
এ অবস্থায় ফার্ম নির্মাণ বন্ধের দাবি জানিয়ে এলাকার বাসিন্দাদের পক্ষে বাবুল মিয়া নামে এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পৌরসভার মেয়র ও স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিকে অভিযোগের প্রেক্ষিতে কেন্দুয়া পৌরসভা কর্তৃপক্ষ আবাসিক ঐ এলাকা পরিদর্শন করে সেখানে মুরগির ফার্ম নির্মাণ না করতে মাটিতে খুঁটি পুঁতে ‘লাল নিশান’ টানিয়ে দিয়েছেন।
.png)
বুধবার দুপুরে কেন্দুয়া পৌরসভার সচিব দেবাশীষ দাসের সঙ্গে কথা হলে তিনি ‘লাল নিশান’ টানিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, পরিবেশ দুষিত হয় এবং এলাকার মানুষের ক্ষতির কারণ হয়- এমন কোনো স্থাপনা পৌরসভার আবাসিক এলাকায় করার নিয়ম নেই। তাই এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ওই এলাকায় মুরগির ফার্ম না করতে সেখানে লাল নিশান টানিয়ে দেওয়া হয়েছে। তবে সেখানে ওই ব্যক্তি ফার্ম না করে শুধু ঘর নির্মাণ করতে পারবেন।
লিখিত অভিযোগ ও এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কেন্দুয়া পৌরসভার চকপাড়া খানকা শরীফের পাশে আবাসিক এলাকায় মুরগির ফার্ম নির্মাণের লক্ষে ঘর তৈরি করে আসছেন স্থানীয় ছিলিমপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে গোলাম কিবরিয়া। ফার্মের পাশে আবাসিক এলাকাসহ একটি এতিমখানা ও হাফিজিয়া মাদরাসা রয়েছে। এ অবস্থায় এলাকার বাসিন্দা প্রথম থেকেই সেখানে ফার্ম নির্মাণ না করতে বিরোধিতা করে। কিন্তু গোলাম কিবরিয়া তাদের কথা না শুনে কাজ চালিয়ে যাচ্ছেন।
এক পর্যায়ে পরিবেশ রক্ষার্থে ফার্ম নির্মাণ বন্ধের দাবি জানিয়ে গত ১৬ জানুয়ারি স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া এলাকাবাসীর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মইনউদ্দিন খন্দকার, পৌর মেয়র মো. আসাদুল হক ভূঞা ও কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন।
বাবুল মিয়া উল্লেখ করেন, গোলাম কিবরিয়া তার যে জায়গাটিতে মুরগির ফার্ম করতে চাইছেন সেখানে ফার্মটি হলে পরিবেশ দূষণসহ বাসাবাড়ি, এতিমখানা ও এখানের শিক্ষার্থীদর অসুবিধাসহ পরিবেশের চরম বিপর্যয় ঘটবে এবং এলাকাবাসীর নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দেবে।
মুরগির ফার্ম নির্মাণকারী ব্যক্তি গোলাম কিবরিয়া জানান, আমার নিজের জায়গায় ফার্ম নির্মাণের কাজ করছি। স্থানীয়দের অভিযোগের পর পৌরসভার পক্ষ থেকে লাল নিশান টানিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে মেয়রের সঙ্গে কথা বলব।