হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন
মেহেরপুরে হেরোইন রাখার দায়ে সোহেল রানা নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
রোববার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওয়ালিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত সোহেল জেলার গাংনী উপজেলার আড়পাড়া গ্রামের জাফরের ছেলে।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০২০ সালের ৫ এপ্রিল গোয়েন্দা পুলিশের এসআই মেজবাহুর রহমানের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার হিন্দা বিলপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় সোহেল রানা নামে এক ব্যক্তিকে ৫০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। ওই ঘটনায় ২০১৮ সালের মাদক নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক খন্দকার শাহ আলম মামলার প্রাথমিক তদন্ত শেষে ২০২০ সালের ২৬ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
.png)
মামলায় মোট আটজন সাক্ষ্য দেন। এতে আসামি দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। এছাড়া ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের সাজা দেওয়া হয়।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন- পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য এবং আসামিপক্ষে ছিলেন খন্দকার আবদুল মতিন।