ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ের ২২ দিনের মাথায় নিভে গেল নাদিমের জীবন প্রদীপ

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৭, ১৭ মার্চ ২০২২
বিয়ের ২২ দিনের মাথায় নিভে গেল নাদিমের জীবন প্রদীপ
২২ দিন আগে বিয়ে করেছেন নাদিম হোসেন। ছবি: ডেইলি বাংলাদেশ

২২ দিন আগে বিয়ে করেছেন নাদিম হোসেন। স্বপ্ন ছিলো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে পরিবার নিয়ে সুখে শান্তিতে দিন কাটাবেন। নাদিমের সেই স্বপ্ন আর বাস্তবে রূপ নেবে না। ঘাতক প্রাইভেটকার নিভিয়ে দিয়েছে নাদিমের জীবন প্রদীপ। সেই সঙ্গে ভেঙে গেছে পরিবারের বুক জোড়া স্বপ্ন। আর নববধূর গায়ে জুড়ে দিয়েছে সাদা কাপড়। 

বুধবার রাতে আইনি প্রক্রিয়া শেষে নিহত নাদিমের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে ঐ দিন বিকেলে নগরীর বিভাগীয় গণগ্রন্থাগার সংলগ্ন সড়কে ঘাতক প্রাইভেটকারের চাঁপায় ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল চালক নাদিম হোসেন ফকির। নিহত নাদিম বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ড বিল্ববাড়ি এলাকার বাসিন্দা ও সৌদি প্রবাসী মনিরুল ইসলাম আশ্রাবের জেষ্ঠপুত্র। 

জানা গেছে, নাদিম সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ও ইন্টারনেট প্রোভাইডার ইউরোটেল বিডি অনলাইন লিমিটেডের একজন দক্ষ টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন। নাদিমের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার কেন্দ্র ছিলো বিএম কলেজে। বিকেল পাঁচটার দিকে পরীক্ষা শেষে নিজ মোটরসাইকেলযোগে ক্যাম্পাস থেকে বের হয়ে বাড়ি ফিরছিলেন নাদিম। পথিমধ্যে বেপরোয়াগতির একটি প্রাইভেটকার নাদিমের মোটরসাইকেল ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন নাদিম। 

Advertisement

তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আকরামুজ্জামান বলেন, ঘাতক প্রাইভেটকার ও তার চালককে শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছেন। 
 
এদিকে বরিশালে সড়কে কলেজ ছাত্র নাদিম হত্যার বিচার ও নিরাপত্তা সড়কের দাবিতে বিভিন্ন কলেজের সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে শিক্ষার্থী হাফিজুর রহমান রাকিবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন লামিয়া সায়মুনসহ সাধারণ শিক্ষার্থীরা। 

এ সময় শিক্ষার্থীরা বলেন, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলো নাদিম। তার পরীক্ষার কেন্দ্র ছিলো বিএম কলেজে। বিকেল পরীক্ষা শেষে নিজ মোটরসাইকেলযোগে ক্যাম্পাস থেকে বের হয়ে বাড়ি ফিরছিলেন নাদিম। পথিমধ্যে বেপরোয়াগতির একটি প্রাইভেটকার নাদিমকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নাদিম মৃত্যু হয়। তাই নাদিম হত্যার বিচারের দাবি ও ঘাতক চালককে দ্রুত আটক করাসহ নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করছি। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!