টিউবওয়েল স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু
হবিগঞ্জের নবীগঞ্জে টিউবওয়েল স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরসহ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাউসা ইউপির সুজাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শ্রমিকরা হলেন সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার শ্রীহাই গ্রামের আনু মিয়ার ছেলে হাসিবুল মিয়া ও একই উপজেলার সেন নগর গ্রামের জিয়াজ আলীর ছেলে জুটন মিয়া।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সুজাপুর গ্রামের আব্দুল জলিলের বাড়িতে টিউবওয়েল স্থাপনের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। দিনব্যাপী লোহার পাইপ বসায় শ্রমিকরা। বিকেলে মাটির নিচে বসানো পাইপগুলো ওপরে তুলছিলেন শ্রমিকরা। এ সময় লম্বা পাইপ নিয়ন্ত্রণ করতে না পারায় পল্লী বিদ্যুতের প্রধান তার লেগে যায়। এতে হাসিবুল ও জুটন বিদ্যুৎস্পৃষ্ট হন।
.png)
উপস্থিত লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বলেন, ‘নিজেদের অসাবধানতার কারণেই দুই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অন্যান্য পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’