ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জীবন দিয়ে মনিবকে বাঁচালো কুকুর

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ২২:০০, ১৮ মার্চ ২০২২
জীবন দিয়ে মনিবকে বাঁচালো কুকুর
ছবি: সংগৃহীত

কুকুর প্রভুভক্ত, তা আরো একবার প্রমাণিত হলো। নিজের জীবন দিয়ে মনিবকে বাঁচিয়ে দিয়েছে কুকুর। বৃহস্পতিবার রাতে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলরামনগর গ্রামে ঘটনা ঘটে।

জানা যায়, আলুখেতের পাশে পাতা চৌকিতে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন জমির মালিক সেলিম রেজা। তার সঙ্গে পাহারায় ছিল বিদেশি জাতের একটি পোষা কুকুর। হঠাৎ সেলিমের দিকে একটি বিষধর সাপ ছুটে আসছিল। এই অবস্থায় মুনিবকে রক্ষায় কুকুরটি সাপের ওপর ঝাঁপিয়ে পড়ে। সাপ ও কুকুরের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণ ও কামড়াকামড়ির ঘটনা ঘটে। শেষ পর্যন্ত সাপ ও কুকুর উভয়ই মারা যায়। তবে রক্ষা পান কুকুরের মালিক সেলিম রেজা। 

সেলিম রেজা কোটচাঁদপুর উপজেলা বলরামনগর গ্রামের আবদুর রহমানের ছেলে। তিনি একজন কৃষক।  

Advertisement

সেলিম রেজা বলেন, চোখের সামনেই মুহূর্তের মধ্যে ঘটনাটি ঘটে গেল। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তিনি ও তার ছোট ভাই আলিম রেজা আলুখেত পাহারা দিচ্ছিলেন। জমির পাশে একটি চৌকিতে শুয়ে বিশ্রাম নেওয়ার সময় ঘটনাটি ঘটে। তার কুকুরের নাম টেডি। এটি জার্মান শেফার্ড জাতের কুকুর। টেডিকে ১ লাখ টাকা দিয়ে কিনেছেন। কুকুরটিকে প্রথমে ভারতে, পরে ২০১৯ সালে বাংলাদেশে আনা হয়। টেডির কারণে খেত পাহারা দিতে কোনো শ্রমিকের দরকার হতো না। এর আগেও জীবনের ঝুঁকি নিয়ে তাঁর পরিবারের সদস্যদের নিরাপদে রেখেছিল টেডি। একদিন তার ছেলেকে মোটরসাইকেলের চাপা পড়া থেকে রক্ষা করেছিল। টেডির মৃত্যুতে তিনি ভেঙে পড়েছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ঝিনাইদহ
লিংক সফলভাবে কপি হয়েছে!