ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চেয়ারম্যানকে খুন করে ১১ বছর এলাকা ছেড়ে শহরে সরোয়ার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৭, ২১ মার্চ ২০২২
চেয়ারম্যানকে খুন করে ১১ বছর এলাকা ছেড়ে শহরে সরোয়ার
সরোয়ার সালাম

চট্টগ্রামের সাতকানিয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আফসার হত্যা মামলার পলাতক আসামি সরোয়ার সালামকে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। এর আগে, রোববার সন্ধ্যায় নগরীর বাকলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সরোয়ার ওই উপজেলার নলুয়া ইউনিয়নের পূর্ব নলুয়া এলাকার আব্দুস সালামের ছেলে।

র‍্যাব জানায়, ২০১১ সালের ২৬ ডিসেম্বর রাতে নলুয়া ইউনিয়নের চেয়ারম্যান ও সাতকানিয়া জাফর আহম্মদ চৌধুরী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক নুরুল আফসারকে নিজ বাড়িতে গুলি করে হত্যা করে একদল সন্ত্রাসী। এ ঘটনায় সাতকানিয়া থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা আহমেদ হোসেন।

Advertisement

সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, ঘটনার পর নিজ এলাকা সাতকানিয়া ছেড়ে চট্টগ্রাম শহরে আত্মগোপন করেন মামলার এজাহারভুক্ত আসামি সরোয়ার। ১১ বছর ধরে বাসা পাল্টে শহরের বিভিন্ন এলাকায় থাকছিলেন তিনি। রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সরোয়ার নলুয়া এলাকার কুখ্যাত অপরাধী। তার বিরুদ্ধে সাতকানিয়া থানায় পাঁচটি মামলা রয়েছে।

পরবর্তী আইনি ব্যবস্থা নিতে সরোয়ারকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাব কর্মকর্তা নুরুল আবছার।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!