এবার চট্টগ্রাম থেকে সরাসরি ফ্লাইট উড়ে যাবে নেপালে
বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম থেকে সরাসরি নেপালের কাঠমাণ্ডুতে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে হিমালয়া এয়ারলাইনস। এপ্রিলে ফ্লাইটটি চালুর কথা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, প্রাথমিক পর্যায়ে এ রুটে সপ্তাহে দুটি ফ্লাইট চালাবে বিদেশি এ বিমান সংস্থাটি। বিকেল তিনটায় ফ্লাইটটি অবতরণ করে যাত্রী নিয়ে এক ঘণ্টা পর নেপালের উদ্দেশ্যে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে।
এদিকে, চট্টগ্রাম-কাঠমাণ্ডু সরাসরি ফ্লাইট চালুর ফলে নতুন সম্ভাবনা দেখছেন বৃহত্তর চট্টগ্রামের পর্যটক ও ব্যবসায়ীরা। পর্যটন খাতের প্রসারের পাশাপাশি ক্রমে দ্বিপাক্ষিক বাণিজ্যও জোরদার হবে বলে আশা করছেন তারা। এর আগে চট্টগ্রামের পর্যটক ও ব্যবসায়ীদের নেপাল যেতে হলে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যেতে হতো। এতে সময় ও অর্থ ব্যয় হতো বেশি।
.png)
শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বলেন, চট্টগ্রাম-কাঠমাণ্ডু রুটে ফ্লাইট চালানোর অনুমতি পেয়েছে হিমালয়া এয়ারলাইনস। প্রাথমিকভাবে সপ্তাহে দুটি ফ্লাইট চালাবে তারা। এর মধ্য দিয়ে চট্টগ্রাম থেকে সরাসরি নেপালে যাওয়ার সুযোগ পেলেন পর্যটক ও ব্যবসায়ীরা।
ঢাকা-কাঠমাণ্ডু রুটে আগে থেকেই সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করছে হিমালয়া এয়ারলাইনস। যেটি এখনো চালু রয়েছে।
এছাড়া চট্টগ্রাম থেকে রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের কলকাতা, চেন্নাই, দুবাই, শারজাহ, আবুধাবি, কুয়েত, জেদ্দা, কাতারে ফ্লাইট চালু আছে। অভ্যন্তরীণ রুটে ঢাকা, সৈয়দপুর ও যশোরে ফ্লাইট চলাচল করছে।