বৃহস্পতিবার গভীর রাতে ঐ উপজেলার সান্তাহার পশ্চিম লকু কলোনী পান্নার মোড় নামক এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। শুক্রবার লাশ উদ্ধার তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় মামলা করেছেন নিহতের ভাই।
নিহত মাফিয়া খাতুন নওগাঁর আত্রাই উপজেলার গন্ডগোহালী গ্রামের কমেল আলী মণ্ডলের মেয়ে।
.png)
পুলিশ জানায়, স্বামী পরিত্যক্তা মাফিয়া খাতুনকে স্ত্রী পরিচয় দিয়ে প্রায় দেড় বছর আগে সান্তাহার পশ্চিম লকু কলোনীর পান্নার মোড় এলাকার ফেরদৌস মাহমুদের বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন নওগাঁর রানীনগর উপজেলার সিম্বা গ্রামের ওয়াহেদ আলীর ছেলে জালাল আলী। কয়েকমাস পর মাফিয়া অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বৃহস্পতিবার রাতে বাসার ভেতরেই তার গর্ভপাত ঘটাতে যান কথিত স্বামী জালাল। এতে মাফিয়া মারা যান।
ঘটনা বেগতিক দেখে শুক্রবার ভোরে মাফিয়ার লাশ ঘরে রেখে চলে যান জালাল। সকালে ঘরের পাশে রক্ত দেখে বাসার মালিকের সন্দেহ হলে লোকজনসহ ঘরে ঢুকে মাফিয়ার নিথর দেহ পড়ে থাকতে দেখেন তারা। এ নিয়ে হৈ চৈ’র এক পর্যায়ে জালাল আলীকে ডেকে নিয়ে আটক করে পুলিশে খবর দেয় প্রতিবেশীরা। এরপর পুলিশে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার, নিহতের কথিত স্বামী জালাল আলী, বাসার মালিক ফেরদৌস মাহমুদ ও আরেক ভাড়াটিয়া মিনারকে আটক করে।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, আটক জালাল আলীকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন নিহতের ভাই তাজউদ্দিন। ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।