ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ, লাশ নিয়ে বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৭, ২৭ মার্চ ২০২২
পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ, লাশ নিয়ে বিক্ষোভ
লাশ নিয়ে স্বজনদের বিক্ষোভ, ইনসেটে ফাতেমা আক্তার কলি

চট্টগ্রামের হালিশহরের শান্তিবাগ এলাকায় মো. মিজানুর রহমান জাবেদ নামে এক পুলিশ কর্মকর্তার (এসআই) বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে।

নিহতের নাম ফাতেমা আক্তার কলি। স্বামী-স্ত্রী দুজনই নোয়াখালী জেলার বাসিন্দা। শনিবার রাত ১১টার দিকে চট্টগ্রাম থেকে নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ গ্রামের বাড়িতে কলির লাশ আনা হয়।

রোববার সকাল ১০টার দিকে জেলা শহরে প্রেস ক্লাবের সামনে লাশবাহী অ্যাম্বুলেন্স রেখেই মানববন্ধন করেন স্বজনরা। মানববন্ধনে নিহতের স্বজনরা ছাড়াও স্থানীয় লোকজন অংশ নেন।

Advertisement

নিহতের স্বজনরা জানান, জাবেদ নোয়াখালী সদর উপজেলার বিনোদপুরের বাসিন্দা। ২০১৪ সালে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। তাদের পরিবারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্বজনদের অভিযোগ, বিয়ের দুই আড়াই বছর পর থেকে জাবেদ অন্য কারো সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এরপর থেকে কলিকে প্রায় সময় মারধর করতেন। এ নিয়ে একাধিকবার পারিবারিক বৈঠকও হয়েছে। স্বামীর পরকীয়া ও ইয়াবাসহ অবৈধ উপার্যনের বিষয়ে নিষেধ করতেন স্ত্রী। এতে স্ত্রীকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করতেন তিনি। এরই জের ধরে শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরীর হালি শহরের ভাড়া বাসায় বন্ধু বাদশাকে নিয়ে স্ত্রীকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে হত্যা করেন জাবেদ। পরে আত্মহত্যা ও সড়ক দুর্ঘটনা বলে প্রচার করে স্বজনদের কাছে খবর পাঠান। এ ঘটনায় হালিশহর থানায় একটি অভিযোগ করেছেন কলির বাবা আহছান উল্যাহ।

মানবন্ধনে স্বজনরা কলি হত্যার বিচার দাবিতে নানা স্লোগান দেন। এ সময় তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জাবেদকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

চট্টগ্রামের হালিশহর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল-মামুন বলেন, একটি অভিযোগ পেয়েছি। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!