আত্মহত্যার মুখ থেকে ফিরিয়ে তরুণকে আটক
ঢাকার সাভারে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে আত্মহত্যা করতে যাওয়া এক তরুণকে বাঁচিয়েছে পুলিশ। কিন্তু পরে মাকে মারধরের অভিযোগে তাকে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাতে সাভার উপজেলার ছোট কালিয়াকৈর গ্রামে এ ঘটনা ঘটে।
বুধবার দুপুর ১২টার দিকে এ তথ্য জানিয়েছেন সাভারের বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কুদ্দুস।
.png)
তিনি জানান, ঐ তরুণের সায়েম হাসান রাফি। সে এসএসসি পরীক্ষার্থী। সে টাকা-পয়সার জন্য বেশ কিছুদিন ধরে মাকে মারধর করছিল। মঙ্গলবার রাতে টাকা চাইলে মা দিতে অপারগতা প্রকাশ করেন। পরে মাকে ব্যাপক মারধর করে নিজ ঘরে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা করে ঐ তরুণ। স্থানীয়রা বিষয়টি ৯৯৯-এ কল করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঐ তরুণকে জীবিত উদ্ধার করে। পরে মায়ের অভিযোগে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয়রা জানায়, ঐ তরুণ আগেও সাতবার আত্মহত্যার চেষ্টা করেছিল। বাবা-মা তাকে তখন বাঁচিয়েছিলেন। তার অত্যাচারে পরিবারের সদস্যরা অতিষ্ঠ।
সাভার মডেল থানার এসআই আব্দুল কুদ্দুস জানান, ঐ তরুণের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।