টেকনাফে আইস-ইয়াবাসহ গ্রেফতার ২
কক্সবাজারের টেকনাফের নাফ নদী সংলগ্ন জালিয়া দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে আইস ও ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিককে গ্রেফতার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে এক কেজি ৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ ও ৫৪ হাজার ইয়াবা পাওয়া গেছে।
শনিবার ভোরে জালিয়ার দ্বীপ এলাকার নাফ নদী সীমান্ত দিয়ে পাচারের সময় চালানটি আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মিয়ানমারের মংডু এলাকার মো. সিরাজ উদ্দিনের ছেলে মো. জুবায়ের আহমদ ও একই এলাকার মৃত আব্দুল গনির ছেলে মো. রফিক।
.png)
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মিয়ানমার থেকে আইস ও ইয়াবার চালান প্রবেশের খবর পেয়ে টেকনাফ সদর ব্যাটালিয়ন ও দমদমিয়া বিওপি থেকে দুটি বিশেষ টহল দল অবস্থান নেয়। মিয়ানমারের শোয়ার দ্বীপ এলাকা থেকে একটি নৌকা নাফ নদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে জালিয়ার দ্বীপের দিকে আসে।
এ সময় বিজিবির টহল দল নৌকাটি আটক করে। পরে নৌকা তল্লাশি করে পাটাতনের নিচে একটি বস্তায় লুকানো অবস্থায় এক কেজি ৫৯ গ্রাম আইস ও ৫৪ হাজার ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় নিয়মিত মামলা করে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।