অবৈধ সম্পদ অর্জন: প্রদীপের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু
সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সোমবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালতে এ সাক্ষ্যগ্রহণ হয়।
বিষয়টি নিশ্চিত করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদুল হক বলেন, অবৈধ সম্পদ অর্জনের মামলায় সোমবার প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। প্রথম দিনে তিনজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। এ সময় প্রদীপ কুমার দাশ আদালতে উপস্থিত ছিলেন। আগামী ৭ এপ্রিল সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেছে আদালত।
প্রদীপ কুমার দাশের আইনজীবী রতন চক্রবর্তী বলেন, ওসি প্রদীপের বিরুদ্ধে তিনজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। তাদের জেরা করা হয়েছে। আগামী ৭ এপ্রিল সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন নির্ধারণ করেছে আদালত। তবে তা খুব কম সময়, আমাদের প্রস্তুতির প্রয়োজন আছে।
.png)
এর আগে, এ মামলায় একই আদালতে প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হয়েছিল। কিন্তু প্রদীপ কুমার দাশ চার্জ গঠনের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন করায় তা সাময়িক স্থগিত রাখা হয়।
২০২০ সালের ২৩ আগস্ট মামলাটি করেন দুদক জেলা সমন্বিত কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন। গত বছরের ২৬ জুলাই রিয়াজ উদ্দিন এ মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে প্রদীপ ও চুমকির বিরুদ্ধে তিন কোটি ৯৫ লাখ পাঁচ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়। পরে ২০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা রিয়াজ উদ্দিনের করা আবেদনের প্রেক্ষিতে মামলার এজাহারে উল্লিখিত সম্পত্তি ক্রোকের নির্দেশ দেয় আদালত।