কাশিমপুর কারাগারের পথে প্রদীপ
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে নেয়া হচ্ছে।
শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে তাকে বহনকারী প্রিজনভ্যানটি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে রওনা দেয়। এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক কর্মকর্তা।
এর আগে, বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে দুদকের মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য প্রদীপ কুমার দাশকে চট্টগ্রাম আদালতে আনা হয়। পরে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সাক্ষ্যগ্রহণ সাময়িক স্থগিত করে আদালত।
.png)
প্রদীপের আইনজীবী সমীর দাশগুপ্ত জানান, প্রদীপের বিরুদ্ধে যে অভিযোগ গঠন করা হয়েছে, সেটির বিরুদ্ধে হাইকোর্টে একটি আবেদন করা হয়েছে। সেটি শুনানির জন্য রয়েছে। তাই সাক্ষ্যগ্রহণ স্থগিত রাখার আবেদন করা হয়েছিল। শুনানি শেষে সাক্ষ্যগ্রহণ স্থগিত করে আদালত।
২০২০ সালের ২৩ আগস্ট মামলাটি করেন দুদক জেলা সমন্বিত কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন। পরে গত বছরের ২৬ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে প্রদীপ ও চুমকির বিরুদ্ধে তিন কোটি ৯৫ লাখ পাঁচ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়। ২০২১ সালের ২০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা রিয়াজ উদ্দিনের করা আবেদনের প্রেক্ষিতে মামলার এজাহারে উল্লিখিত সম্পত্তি ক্রোকের নির্দেশ দেয় আদালত।