ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রদীপের অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাক্ষ্যগ্রহণ স্থগিত

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৮, ১৭ ফেব্রুয়ারি ২০২২
প্রদীপের অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাক্ষ্যগ্রহণ স্থগিত
ফাইল ছবি

সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাক্ষ্যগ্রহণ সাময়িক স্থগিত করা হয়েছে। একই মামলায় তার স্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ করবে আদালত।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালত এ আদেশ দেন। 

এর আগে, সকাল সোয়া ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে প্রদীপ কুমার দাশকে চট্টগ্রাম আদালতে আনা হয়।

Advertisement

দুদকের আইনজীবী মাহমুদুল হক বলেন, প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল বৃহস্পতিবার। তবে প্রদীপের পক্ষ থেকে আদালতে সাক্ষ্যগ্রহণ স্থগিত রাখার আবেদন করা হয়। শুনানি শেষে তা মঞ্জুর করে আদালত। তার স্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ করা হবে।

প্রদীপ কুমার দাশের আইনজীবী সমীর দাশগুপ্ত বলেন, প্রদীপের বিরুদ্ধে যে অভিযোগ গঠন করা হয়েছে, সেটির বিরুদ্ধে হাইকোর্টে একটি আবেদন করা হয়েছে। সেটি শুনানির জন্য রয়েছে। তাই সাক্ষ্যগ্রহণ স্থগিত রাখার আবেদন করা হয়েছিল। শুনানি শেষে সাক্ষ্যগ্রহণ স্থগিত করে আদালত।

২০২০ সালের ২৩ আগস্ট মামলাটি করেন দুদক জেলা সমন্বিত কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন। পরে গত বছরের ২৬ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে প্রদীপ ও চুমকির বিরুদ্ধে তিন কোটি ৯৫ লাখ পাঁচ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়। ২০২১ সালের ২০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা রিয়াজ উদ্দিনের করা আবেদনের প্রেক্ষিতে মামলার এজাহারে উল্লিখিত সম্পত্তি ক্রোকের নির্দেশ দেয় আদালত।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!