ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

স্ত্রীর সঙ্গে কলহ: শ্যালিকাকে খুন করলেন দুলাভাই

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২১, ৮ এপ্রিল ২০২২
স্ত্রীর সঙ্গে কলহ: শ্যালিকাকে খুন করলেন দুলাভাই
করিমগঞ্জ থানা, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের করিমগঞ্জে স্ত্রীর সঙ্গে কলহের জেরে কলেজ পড়ুয়া শ্যালিকাকে নির্যাতন চালিয়ে খুনের অভিযোগ উঠেছে দুলাভাইয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে ঐ উপজেলার মোদকপাড়ায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই নিহতের দুলাভাই পলাতক।

নিহত রোখসানা আক্তার একই উপজেলার গুজাদিয়া হাইধন খালী গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে এবং করিমগঞ্জ মহাবিদ্যালয়ের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী। অভিযুক্ত মাহবুবুল আলম ওরফে ওমর মোদক পাড়ার বাসিন্দা। তিনি করিমগঞ্জ বাজারের ফল ব্যবসায়ী।

স্থানীয় সূত্র জানায়, ২০০৮ সালে মাহবুবুল আলম ওরফে ওমরের সঙ্গে গুজাদিয়া হাইধন খালী গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে হাওয়া আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে আছে। সপ্তাহখানেক আগে স্বামীর সঙ্গে ঝগড়া করে বাবার বাড়িতে চলে যান হাওয়া আক্তার। এরপর ওমর তার স্ত্রীর সঙ্গে আর যোগাযোগ করেনি।

বৃহস্পতিবার দুপুরে হাওয়া আক্তারের ছোট বোন রোখসানা আক্তার কলেজ থেকে বাড়ি ফিরছিল। ঐ সময় রাস্তা থেকে তাকে নিজ বাড়িতে তুলে নিয়ে যায় দুলাভাই ওমর। সেখানে নির্মম নির্যাতনে তাকে আহত করে। ঐ অবস্থায় রোখসানা প্রথমে গুজাদিয়া নিজের বাড়িতে যায়। যন্ত্রণা সহ্য করতে না পারলে পরিবারের লোকজন তাকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

করিমগঞ্জ থানার ওসি শামসুল আলম সি‌দ্দিকী জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত দুলাভাই মাহবুবুল আলম ওরফে ওমর পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান চলছে। এছাড়া মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!