পুকুরে গোসলে নেমে লাশ হলো মাদরাসাছাত্র
নরসিংদীর রায়পুরা উপজেলায় রায়পুরা সরকারি কলেজের পুকুর থেকে নূর মোহাম্মদ নামে ৮ বছরের এক মাদরাসাছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে পুকুরে গোসল করতে নেমেই তার মৃত্যু হয়।
মৃত নূর মোহাম্মদ উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের রতনপুর গ্রামের মোবারক মিয়ার ছেলে ও রায়পুরা সেরাজনগর মাদরাসার ও এতিমখানার নূরানী বিভাগের ছাত্র।
মৃতের মা আছমা বেগম বলেন, নূর মোহাম্মদ ও তার ভাই একই ক্লাসে পড়ালেখা করতো। শুক্রবার বিকেলে তার দাদি তার বড় ভাইকে নিয়ে ডাক্তারের কাছে গেলে সেখান থেকে ফিরে দেখে মাদরাসায় নূর মোহাম্মদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সন্ধ্যা পর্যন্ত মাদরাসায় খবর নিলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর রাত ১২টা পর্যন্ত আশপাশের বিভিন্ন এলাকায় তাকে খোঁজাখুঁজি করা হয়। পরদিন শনিবার মাদরাসায় আসলে তার সহপাঠীরা জানায় সে রায়পুরা সরকারি কলেজের পুকুরে ডুবে মারা গেছে। তারপর সেখানে দৌড়ে গিয়ে তার লাশ শনাক্ত করি।
.png)
রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) গোবিন্দ সরকার বলেন, ধারণা করা হচ্ছে সে পুকুরে গোসল করতে নেমে মারা গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে তার লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদীতে পাঠানো হয়।