গ্রেফতারকৃতরা হলো- মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লাউতারা গ্রামের আলমগীর শেখ, বাবু খা, বন্ধুলট গ্রামের আবু দাউদ, বিষ্ণুপুর গ্রামে শেখ ইলিয়াজ, শিবালয় উপজেলার ধুসর গ্রামের সাইফুল ইসলাম, সাভার উপজেলার ইমান্দিপুর গ্রামের রফিকুল ইসলাম, জয়পুরহাটে কালাই উপজেলার গঙ্গাদাশপুর গ্রামের শাজাহান ও শেরপুরের শ্রীবর্দী উপজেলার মরিচাপাড়া গ্রামের মঙ্গল আলী।
মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।
.png)
তিনি বলেন, গত ৬ এপ্রিল হরিরামপুর উপজেলার কৌড়িতে অবস্থিত সিএফসিএল ডেইরি ফার্মের ৩টি গরু তাদের নিজস্ব পিকআপে করে ঢাকায় নেয়ার পথে সিংগাইর উপজেলার গাড়াদিয়া এলাকায় ডাকাতির কবলে পড়ে। ১০-১২ জন ডাকাত ব্যারিকেড দিয়ে গরুবাহী পিকআপের চালক মাহবুবুল্লাহ, রাখাল রহমত ও সোহানকে মারধর করে গরুসহ পিকআপটি লুট করে নিয়ে যায়। ঐ ঘটনায় গরুর ফার্মের পক্ষ থেকে সিংগাইর থানায় ১০ এপ্রিল মামলা করা হয়। এরপর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে ক্লুলেস ডাকাতির রহস্য উন্মোচন ও সাভার আশুলিয়া, ধামরাই ও গাজীপুরের জয়দেবপুর এবং বাসন এলাকা থেকে ডাকাত সদস্যদের গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার বলেন, ডাকাতির পর গরু দ্রুত জবাই ও মাংস বিক্রি করে দেয় ডাকাতরা। গ্রেফতারকৃত ৮ ডাকাত সদস্যের মধ্যে ৬ জন আদালতে জবানবন্দি দিতে রাজি হয়েছে। বাকি দুইজনকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।
এ সময় সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা, সিএফসিএল ডেইরী ফার্মের ম্যানেজার গোলাম আজাদ সরকার উপস্থিত ছিলেন।