ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভিডিও কলে স্ত্রীকে নির্যাতনের দৃশ্য দেখিয়ে ১০ লাখ টাকা চাইলেন বন্ধুরা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৪, ১৬ এপ্রিল ২০২২
ভিডিও কলে স্ত্রীকে নির্যাতনের দৃশ্য দেখিয়ে ১০ লাখ টাকা চাইলেন বন্ধুরা
গ্রেফতার তিন অপহরণকারী

কুমিল্লায় বেড়াতে গিয়ে বন্ধুদের হাতে অপহরণের শিকার হয়েছেন রমজান হোসেন নামে নারায়ণগঞ্জের এক যুবক। এ ঘটনার চারদিন পর তাকে উদ্ধার করেছে র‌্যাব। এছাড়া অপহণরকারী চক্রের তিন সদস্যকেও গ্রেফতার করা হয়েছে।

শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

গ্রেফতাররা হলেন- কুমিল্লার আদর্শ সদর উপজেলার গাজীপুর গ্রামের মো. আমিনুল ইসলামের ছেলে ৩০ বছর বয়সী মো. মোতাহার হোসেন, একই উপজেলার রাজমঙ্গলপুর গ্রামের আমির হোসেনের ছেলে ৪১ বছরের মো. দেলোয়ার হোসেন ও গাজীপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে ১৯ বছরের মো. সায়মুন।

Advertisement

জানা গেছে, গ্রেফতারদের বাড়িতে বেড়াতে আসেন রমজান। এ সময় তারা তাকে নিয়ে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকা বিবির বাজারে ঘুরতে যান। সেখানে তারা ইফতার করেন। পরে ইফতার শেষে রমজান চলে আসতে চাইলে মাদক ব্যবসায়ী শাহিন ওরফে স্টার শাহিন ও তার দলের সদস্যরা বাধা দেন। একপর্যায়ে বলেন- ‘এভাবে যাওয়া যাবে না। এখান থেকে মুক্তি পেতে হলে তোমাকে মুক্তিপণ দিতে হবে।’ এ বলে রমজানের হাত-পা বেঁধে মারধর শুরু করেন তারা। পরে নির্যাতনের দৃশ্য ভিডিও কলে তার স্ত্রীকে দেখিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ চান। মুক্তিপণ না পেলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।

র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, অপহৃত রমজানের স্ত্রীর করা অভিযোগ তদন্ত করে গোয়েন্দা তৎপরতা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার সকালে কুমিল্লা সদর উপজেলার বিবির বাজার এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় অপহরণ চক্রের তিনজনকে গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতারদের তথ্যের ভিত্তিতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গাজীপুর এলাকা থেকে রমজানকে উদ্ধার করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রের মূলহোতা মাদক ব্যবসায়ী মো. শাহিন ওরফে স্টার শাহিন পালিয়ে যান।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!