ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে গাছের সঙ্গে বেঁধে নারীকে নির্যাতন, ছবি ভাইরাল

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৩, ১৮ এপ্রিল ২০২২
হবিগঞ্জে গাছের সঙ্গে বেঁধে নারীকে নির্যাতন, ছবি ভাইরাল
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকড়া ইউপির ফতেহপুর গ্রামে সরলা বেগম নামে এক নারীকে গাছের সঙ্গে বেঁধে রেখে নির্যাতনের ঘটনা ঘটেছে। 

এ ঘটনার একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে। যা ভাইরাল হয়ে গেছে। একই সঙ্গে ওই নারীর নির্যাতনকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানিয়েছেন অনেকে। 

পুলিশ বলছে, দুটি বাঁশের খুঁটির মালিকানা নিয়ে ঝগড়ার পর ওই নারীকে নির্যাতন করেছে প্রতিপক্ষরা। তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নির্যাতিতা সরলা ওই গ্রামের বাসিন্দা ওয়াহেদ মিয়ার স্ত্রী।

Advertisement

স্থানীয়রা জানান, রোববার ওয়াহেদ তার বাড়ির ভিটের মাটি আটকে রাখার জন্য বাঁশের খুঁটি দিয়ে আড় বাঁধছিলেন। এ সময় প্রতিবেশী আব্দুল খালিক এসে খুঁটিগুলো তার দাবি করেন। এ নিয়ে দুই পরিবারে ঝগড়া হয়। এক পর্যায়ে খালিক ও তার ছেলেরা ওয়াহেদকে মারধর করতে থাকেন। এ সময় সরলা এগিয়ে এলে তাকে একটি কাঁঠাল গাছের সঙ্গে বেঁধে রেখে দীর্ঘক্ষণ মারধর করা হয়। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। 

খবর পেয়ে পুকড়া ইউপি চেয়ারম্যান হাফেজ শামরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে সরলাকে উদ্ধার করে চিকিৎসার হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। 

এ বিষয়ে বানিয়াচং থানার (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, নির্যাতিতা পরিবারের পক্ষ থেকে রোববার রাতেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে। দ্রুত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!