ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় একদিনে মিলল তিন লাশ

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৪, ১৯ এপ্রিল ২০২২
বগুড়ায় একদিনে মিলল তিন লাশ
ফাইল ছবি

বগুড়ায় তিন উপজেলায় পৃথক ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে নিখোঁজ থাকা একজনের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। আরেকজন বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। বাকি একজন গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে আদমদীঘি উপজেলার সান্তাহারের কেল্লাপাড়া গ্রাম থেকে রহিদুল ইসলাম হৃদয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২০ বছর বয়সী হৃদয় একই গ্রামে আবদুল মজিদের ছেলে।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, হৃদয় মাসনিক ভারসাম্যহীন ছিলেন। দীর্ঘদিন চিকিৎসা করা হলেও তিনি সুস্থ হননি। মঙ্গলবার সকালের কোনো এক সময় নিজ ঘরের আড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।

Advertisement

আদমদীঘি থানার এসআই প্রদীপ কুমার জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই হৃদয়ের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

এর আগে, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের আড়াইল গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে রায়হান আলী নামে একজন মারা গেছেন। সোমবার রাতে সেচযন্ত্র পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।

৩৮ বছর বয়সী রায়হান আড়াইল গ্রামের তাহের প্রমাণিকের ছেলে। কোনো অভিযোগ না থাকায় তার লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

এদিকে, শিবগঞ্জ উপজেলার একটি পুকুর থেকে লাল চাঁন লালু নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার মাঝিহট্ট গ্রামের বালালপুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। ৭৫ বছর বয়সী লালু একই গ্রামের লোকমান আকন্দের ছেলে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!